বাহাদুরপুর বাজারে পূবালী ব্যাংকের ফ্রী ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন
বাহাদুরপুর বাজারে পূবালী ব্যাংকের ফ্রী ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন
বাহাদুর বাজারে পূবালী ব্যাংকের তিন দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন
বাংলাদেশ সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণের উদ্যোগকে এগিয়ে নিতে এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বাহাদুর বাজারে পূবালী ব্যাংক পিএলসি গড়েয়া উপশাখার উদ্যোগে তিন দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টায় বাহাদুর বাজারে আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
উদ্বোধন উপলক্ষে ব্যাংকের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক, চৌরাস্তা ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে ক্যাম্পেইন বুথের সামনে এসে শেষ হয়।
পরে অতিথিরা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
র্যালিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি ঠাকুরগাঁও শাখার উপ-মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো. আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ সিদ্দিকী মানিক এবং কালী মেলা হাই স্কুলের প্রধান শিক্ষক টলিপ চন্দ্র রায়। এ সময় ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশ সরকার একটি স্মার্ট ও ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে পূবালী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে ডেবিট ও ক্রেডিট কার্ড, কিউআর (QR) কোড, মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিংসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নিরাপদ ও দ্রুত লেনদেনের সুযোগ তৈরি হয়েছে। নগদ অর্থের ব্যবহার কমিয়ে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা বাড়ানোই আমাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি গড়েয়া উপশাখার শাখা প্রধান এরশাদ আলী। তিনি বলেন, গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং সেবার আওতায় আনা এবং নগদ অর্থের ব্যবহার কমাতে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ক্যাশলেস লেনদেনের মাধ্যমে গ্রাহকরা দ্রুত, নিরাপদ ও ঝামেলামুক্তভাবে আর্থিক লেনদেন করতে পারবেন। পাশাপাশি প্রতারণার ঝুঁকিও অনেকাংশে কমে আসবে।
বিশেষ অতিথির বক্তব্যে চেয়ারম্যান মোস্তাক আহমেদ সিদ্দিকী মানিক বলেন, বর্তমান সময়ে ক্যাশলেস লেনদেন অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে ব্যবসায়িক লেনদেন আরও সহজ হবে, সময় সাশ্রয় হবে এবং আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি পাবে। এতে দুর্নীতি ও অনিয়মও কমবে বলে আমরা বিশ্বাস করি।
স্থানীয় শিক্ষার্থী রিজওয়ান বলেন, বর্তমানে অনলাইনে বই, শিক্ষা উপকরণসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য কিনতে কার্ড বা ডিজিটাল পেমেন্টের প্রয়োজন হয়। পূবালী ব্যাংকের এ উদ্যোগের ফলে আমরা আরও সহজে ও নিরাপদে অনলাইন লেনদেন করতে পারব।
ব্যাংক সংশ্লিষ্টরা জানান, ক্যাশলেস লেনদেনের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে স্বচ্ছতা বৃদ্ধি পায়, সময় ও খরচ কমে এবং গ্রাহকরা সহজেই আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারেন। একই সঙ্গে ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল আর্থিক সেবার ব্যবহারও দিন দিন বাড়ছে।
তারা আরও জানান, তিন দিনব্যাপী এ ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনে আগত গ্রাহকদের ডেবিট কার্ড, কিউআর কোডভিত্তিক লেনদেন, ডিজিটাল ব্যাংকিং সেবা ও ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থার বিভিন্ন সুবিধা সম্পর্কে সচেতন করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় ব্যাংকিং সেবা গ্রহণে সরাসরি সহযোগিতাও দেওয়া হবে।
ব্যাংক কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বাহাদুর বাজারে ক্যাশলেস লেনদেনের পরিধি আরও বিস্তৃত হবে। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ডিজিটাল ব্যাংকিংয়ের ব্যবহার বাড়বে এবং সাধারণ মানুষ সহজ, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণে আরও আগ্রহী হবে।