পোরশায় ১৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
সোহেল রানা নওগাঁ || বিএমএফ টেলিভিশন
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি প্রাচীন কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করছে পুলিশ। ২৫ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে শীতলী গ্রামের রহমতের বাড়ির পশ্চিম পাশে একটি পারিবারিক কবরস্থানের ভেতরে মূল্যবান একটি কষ্টিপাথরের মূর্তি পড়ে আছে বলে খবর পায় আইনশৃঙ্খলা বাহিনী।
পরে নওগাঁ জেলা পুলিশের নির্দেশনায় এবং পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি দল রাত আনুমানিক ১১টার পর ঘটনাস্থলে পৌঁছে কবরস্থানের মাঝামাঝি একটি আমগাছের নিচ থেকে কষ্টিপাথর একটি মূর্তি উদ্ধার করে। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় জেলা পুলিশের মিডিয়া সেল গ্রুপে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “মূর্তিটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি প্রায় হাজার বছরের পুরোনো। মূর্তিটি দেশের একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক সম্পদ। উদ্ধার করা কষ্টিপাথরের এই মূর্তি সংক্রান্ত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।