সাতক্ষীরায় বিজিবির সীমান্ত অভিযান: ভারতীয় মালামাল জব্দ
সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা: || বিএমএফ টেলিভিশন
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)–এর অধীনস্থ কাকডাঙ্গা ও চান্দুরিয়া বিওপির পৃথক আভিযানিক দল দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালামাল উদ্ধার করে।
বিজিবি সূত্র জানায়, কাকডাঙ্গা বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১৩/৩ এস–এর ৭ আরবি পয়েন্ট থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানার ভাদিয়ালি এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় পাতার বিড়ি ও ৪ বোতল মদ জব্দ করেন।
এছাড়া চান্দুরিয়া বিওপির আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/৭ এস–এর ৬ আরবি পয়েন্ট থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চান্দুরিয়া পোস্ট এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ উদ্ধার করে।
জব্দকৃত মালামালের মোট আনুমানিক মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা।
বিজিবি জানায়, শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। উদ্ধারকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ব্যাপারে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।