রাঙ্গাবালীতে ১ হাজার জেলে পরিবার পেল খাদ্য সহায়তা
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি : || বিএমএফ টেলিভিশন
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় তেতুলিয়া নদীর অভয়াশ্রম এলাকায় মার্চ-এপ্রিল দুই মাস সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় সংশোধিত) এর আওতায় উপজেলার ১ হাজার জেলে পরিবারের মধ্যে বিনামূল্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
প্রতিটি পরিবারকে ১২ কেজি আটা, ৮ কেজি মসুর ডাল, ১০ লিটার সয়াবিন তেল, ৪ কেজি চিনি, ৪ কেজি লবণ ও ১৬ কেজি আলু দেওয়া হয়েছে।
খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, এবং রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি মাহমুদ হাসান রাজিব।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইলিশের নিরাপদ প্রজনন ও নদীতে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অভয়াশ্রম এলাকায় নির্ধারিত সময়ে মাছ ধরা নিষিদ্ধ রাখা হয়। এ সময় জেলেদের বিকল্প সহায়তা হিসেবে সরকার খাদ্যসামগ্রী বিতরণ করছে।