নৌকার বিপক্ষের নির্বাচিত চেয়ারম্যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় গ্রেফতার
ডেক্স নিউজঃ || বিএমএফ টেলিভিশন
কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইবি,র উজানগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান সানোয়ার হোসেন মোল্লা গ্রেপ্তার হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের এস আই রকিব উদ্দিন জনির নেতৃত্বে এসআই আলহাজ আলী, কন্সট্রেবল ইমরান ও কন্সট্রেবল সোহেল সহ সংগীয় ফোর্স অভিযান পরিচালনা করে শহরের মজমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত সানোয়ার হোসেন মোল্লা কুষ্টিয়া ইবি থানাধীন দূর্বাচারা এলাকার মৃত মোসলেম মোল্লার ছেলে ও উজানগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান এবং একই ইউনিয়ন আওয়ামীলীগের দীর্ঘদিনের সভাপতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ইউসুফ শেখ হত্যা মামলার ০৫ নাম্বার এজাহার নামীয় পলাতক আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ঐ মামলা সহ একাধিক মামলায় সে দীর্ঘ দিন পলাতক ছিলো বলে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও অসহযোগ আন্দোলনের মধ্যে বেলা সাড়ে তিনটার দিকে ইউসুফ শেখ কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে কুষ্টিয়া শহরের ফায়ার সার্ভিস অফিসের সামনের নূর টেইলার্স গলির ভেতরে পৌঁছালে এজাহারনামীয় আসামিরা তাঁকে দেখে ধাওয়া করেন। এরপর আসামিরা তাঁকে গুলি করেন। অন্য আসামিরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। পরে হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এঘটনায় ২০২৪ সালের ১৮ আগস্ট দিবাগত রাত ১২টার দিকে নিহত ইউসুফ শেখের মেয়ে মোছাঃ সীমা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলায় মোট ৭৫ জনকে এজাহারনামীয় আসামি করেন। পাশাপাশি অজ্ঞাতনামা হিসেবে ২০ থেকে ৩০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় গ্রেপ্তারকৃত সানোয়ার হোসেন মোল্লা ০৫ নাম্বার এজাহারনামীর আসামী।
এছাড়া আরও জানা যায়, সানোয়ার হোসেন মোল্লার বিরুদ্ধে কুষ্টিয়া ইবি থানা ও কুষ্টিয়া মডেল থানায় হত্যা,হত্যাচেষ্টা,ভাংচুর লুটপাট সহ একাধিক মামলা রয়েছে। তবে কয়েকটি মামলা থেকে তিনি জামিন নিয়েছে বলে তার পরিবার সুত্রে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)'র এস আই রকিব উদ্দিন জনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইউসুফ হত্যা মামলার ০৫ নাম্বার এজাহারনামীয় আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।