সাংবাদিক এর উপর হামলা থানায় এজাহার
সোহেল রানা নওগাঁ || বিএমএফ টেলিভিশন
নওগাঁ সদর উপজেলার চকএনায়েত এলাকায় সাংবাদিক সাইফুল ওয়াদুদের ওপর হামলার অভিযোগে থানায় এজাহার দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ইউনাইটেড প্রেসক্লাব নওগাঁ।
এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ মে রাতে নওগাঁ শহর থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে চকএনায়েত এলাকায় তার মোটরসাইকেলের গতিরোধ করা হয়। এ সময় কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। হামলায় আহত হলে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে তিনি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা নেন।
সাইফুল ওয়াদুদ ইউনাইটেড প্রেসক্লাব নওগাঁর যুগ্ম সম্পাদক,দৈনিক ভোরের সময় ও সোনালী কণ্ঠের নওগাঁ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
ঘটনার প্রতিবাদ জানিয়ে ইউনাইটেড প্রেসক্লাব নওগাঁর সভাপতি সাব্বির আহম্মেদ বলেন, একজন পেশাদার সাংবাদিকের ওপর এ ধরনের অতর্কিত হামলা অত্যন্ত নিন্দনীয়। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
অভিযুক্ত ব্যক্তি মোঃ আসাদুজ্জামান শিপলু, যিনি নিজেকে দৈনিক কালের সংবাদ এর ভ্রাম্যমাণ সাংবাদিক (নওগাঁ) হিসেবে পরিচয় দিয়ে বলেন, ঘটনার বিষয়ে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।তবে রাস্তা পার হওয়া নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে একটি লিখিত এজাহার পেয়েছি। সঙ্গে সঙ্গে একজন কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।