কলমাকান্দায় বিশেষ অভিযান কার্যক্রম জোরদার, এক নারী আটক
রিপন মিয়া কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে আমদানিনিষিদ্ধ ভারতীয় জিরাসহ বিভিন্ন অবৈধ পণ্য উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রংছাতি ইউনিয়নের হাসানোয়াগাঁও এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নবীজা (৪০) নামের এক নারীর বাড়িতে অভিযান চালিয়ে আমদানিনিষিদ্ধ ভারতীয় জিরাসহ বিভিন্ন চোরাচালান পণ্য উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়।
পরে আটককৃত নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার আরও একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকেও অবৈধভাবে আনা চোরাচালান পণ্য উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে । আটককৃতকে বৃহস্পতিবার দুপুরে জেলা আদালতে সোর্পদ করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
কলমাকান্দা থানার ওসি মো. আবুল হাশেম বলেন, মাদক ও চোরাচালানসহ সকল ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান রয়েছে। অপরাধ দমনে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।