হেরোইন সেবনের অভিযোগে তালা সরকারি স্কুলের অফিস সহকারীসহ আটক ৩
শেখ মোঃ আল আমিন তালা সাতক্ষীরা প্রতিনিধি:- || বিএমএফ টেলিভিশন
সাতক্ষীরার তালায় হেরোইন সেবনের অভিযোগে সরকারি বিদ্যালয়ের এক অফিস সহকারীসহ তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার দুপুরে পাটকেলঘাটা ব্রীজের নিচ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন তালা বিদে সরকারি স্কুলের অফিস সহকারী ও দেওয়ানীপাড়া গ্রামের এলাই বক্স মোড়লের ছেলে দিদার মোড়ল। এছাড়া অপর দুজন হলেন পাটকেলঘাটা এলাকার রেজ্জত খাঁর ছেলে রইস খাঁ এবং আবুল কালামের ছেলে রাজু শেখ।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হেরোইন সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের বিরুদ্ধে সাজা ও জরিমানার আদেশ দেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন।