মাদক, অনলাইন জুয়া ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি
তালা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
শেখ মোঃ আল আমিন তালা সাতক্ষীরা প্রতিনিধি:- || বিএমএফ টেলিভিশন
২০/০৫/২০২৬ ইং তারিখে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।
সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার মিজ জান্নাতুল আফরোজ স্বর্ণা। এছাড়াও উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচনা সভায় জালালপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান এম মফিদুল হক লিটু উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “মাদক ও অনলাইন জুয়ার কারণে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। এসব অপরাধ বন্ধে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।”
তিনি আরও বলেন, লাইসেন্সবিহীন মোটরসাইকেলসহ অবৈধ যানবাহনের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।
সভায় উপস্থিত বক্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন এবং অপরাধ দমনে প্রশাসনের চলমান কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।