নেত্রকোনার কলমাকান্দায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ
মোঃ রিপন মিয়া স্টাফ রিপোর্টার : || বিএমএফ টেলিভিশন
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ছাগল ও উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কানিকা সরকার।
অনুষ্ঠানে উপজেলার চারটি ইউনিয়ন থেকে আগত প্রায় দুই শতাধিক উপকারভোগী পরিবারের মাঝে জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় প্রতি পরিবারে দুটি করে ছাগলের বাচ্চা, দুটি টিন এবং চারটি পাকা খুঁটি বিতরণ করা হয়, যাতে তারা নিজ উদ্যোগে একটি টেকসই ছাগল পালনের অবকাঠামো গড়ে তুলতে পারেন।
এছাড়াও প্রতিটি ছাগলের পিপিআর ভ্যাকসিন প্রয়োগ করা হয়, যাতে রোগবালাই প্রতিরোধের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও পশুসম্পদ সুরক্ষা নিশ্চিত করা যায়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ ধরনের প্রকল্পের মাধ্যমে দরিদ্র পরিবারগুলো আত্মকর্মসংস্থানের সুযোগ পাচ্ছে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।
এ বিষয়ে ডা. কানিকা সরকার বলেন,
“আমরা শুধু ছাগল বিতরণ করেই থেমে যাচ্ছি না। উপকারভোগীদের নিয়মিত প্রশিক্ষণ, চিকিৎসা ও পরামর্শ সেবা প্রদান করা হবে। আমাদের লক্ষ্য- প্রত্যেক পরিবার যেন অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়ে উঠতে পারে।”
অনুষ্ঠানে কলমাকান্দা প্রেসক্লাব শেখ শামীম, আদিবাসী নেতা মি. বথুয়েল কুবি, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।