বঙ্গোপসাগরে লঘুচাপ, যেসব অঞ্চলে টানা ৫ দিন ভারী বৃষ্টির সতর্কবার্তা

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:৩৫, মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর শ্রীলঙ্কা উপকূলের অদূরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের আবহাওয়ায় আগামী কয়েক দিন বৃষ্টিপ্রবণ পরিস্থিতি বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করা পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশও এই পরিস্থিতিকে প্রভাবিত করছে।

মঙ্গলবার (১২ মে) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের পাশাপাশি পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।

পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আগামী দিনের আবহাওয়ার পূর্বাভাস

১৩ মে (বুধবার):

রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি

কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা

অন্যান্য এলাকায় দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে

১৪ মে (বৃহস্পতিবার):

বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে

রংপুর, ময়মনসিংহ ও সিলেটে মাঝারি থেকে অতি ভারি বর্ষণ

উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে

১৫–১৬ মে (শুক্র ও শনিবার):

ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে

তুলনামূলকভাবে বৃষ্টির দাপট বেশি থাকবে এই দুই বিভাগে

আবহাওয়া অফিসের মতে, এই বৃষ্টিপ্রবণ পরিস্থিতি পরবর্তী পাঁচ দিনের পরও উত্তর-পূর্বাঞ্চলে কিছুটা স্থায়ী থাকতে পারে। অন্যদিকে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময় বজ্রপাত ও দমকা হাওয়ার ঝুঁকি থাকতে পারে। তাই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে খোলা জায়গায় অবস্থান এড়িয়ে চলা এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।


 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়