৩৭ মেইল আইডি, ২৯ জুয়া অ্যাকাউন্টসহ গ্রেপ্তার ৪

মেহেরপুরে অনলাইন জুয়ার বড় নেটওয়ার্কের সন্ধান

মেহেরপুর প্রতিনিধিঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ০৮:০৮, রবিবার, ১৭ মে, ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

মেহেরপুরে অনলাইন জুয়া ও অবৈধ ডলার লেনদেন চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন, রাফসান জনি রিপন (৩২), ফাহাদ হাসান জুনায়েদ (১৯), বায়েজিদ ডালিম (৩০) ও রকিবুল ইসলাম (৩৫)।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একাধিক স্মার্টফোন, অনলাইন জুয়ার অ্যাকাউন্ট, অসংখ্য ই-মেইল আইডি এবং Binance এর মাধ্যমে অবৈধ লেনদেনের তথ্য।

শুক্রবার (১৫ মে) রাতভর মেহেরপুর সদর ও গাংনী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী। আজ বিকাল ৫ টার দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চাঁদবিল এলাকায় অভিযান চালিয়ে প্রথমে বায়েজিদ ডালিমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি Galaxy Z Fold5 মোবাইল ফোন উদ্ধার করা হয়। ফোনটি তল্লাশি করে Binance এর মাধ্যমে অবৈধ ডলার কেনাবেচা এবং অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করার তথ্য পাওয়া যায়। একই সঙ্গে ফোনে অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট চারটি ই-মেইল আইডির তথ্যও মেলে।

পরে বায়েজিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মুজিবনগরের পুরন্দরপুর গ্রাম থেকে রকিবুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি OPPO ও একটি VIVO Y03t স্মার্টফোন জব্দ করা হয়। ফোন দুটি পর্যালোচনায় অনলাইন জুয়া পরিচালনা ও Binance এর মাধ্যমে অবৈধ ডলার লেনদেনের তথ্য পাওয়া যায়।

এদিকে ডিবির আরেকটি দল গাড়াডোব এলাকা থেকে রাফসান জনি রিপনকে আটক করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি Redmi Note 14 Pro মোবাইল ফোন। প্রাথমিক যাচাইয়ে ফোনটিতে ৩৭টি মেইল আইডি এবং ২৯টি অনলাইন জুয়ার অ্যাকাউন্ট পাওয়া যায়।

পরবর্তী সময়ে রাফসানের দেওয়া তথ্যের ভিত্তিতে আমঝুপি এলাকা থেকে ফাহাদ হাসান জুনায়েদকে গ্রেফতার করা হয়। তার ব্যবহৃত Oppo A38 মোবাইল ফোনে সাতটি ই-মেইল আইডিসহ অনলাইন জুয়ার মার্চেন্ট অ্যাকাউন্টের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ডিবি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানিয়েছেন, তারা নিজেদের ও অন্যের নামে নিবন্ধিত সিম ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে অনলাইন জুয়া পরিচালনা করতেন। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া Binance App ব্যবহার করে অবৈধ ই-ট্রানজেকশনও চালিয়ে আসছিলেন।

ডিবি পুলিশের দাবি, এই চক্রের কারণে গ্রামের অনেক বেকার যুবক ও সাধারণ মানুষ স্বল্প সময়ে লাভের আশায় অর্থ হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন। অনেকেই হতাশা, মাদকাসক্তি ও বিভিন্ন সামাজিক অপরাধে জড়িয়ে পড়ছেন।

এ ঘটনায় মেহেরপুর সদর ও গাংনী থানায় সাইবার সুরক্ষা আইন-২০২৬ এ পৃথক মামলা দায়ের করা হয়েছে।

ডিবির ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, 'অনলাইন জুয়া ও অবৈধ ডলার লেনদেনকে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মেহেরপুরে সক্রিয় ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা চারজনকে গ্রেফতার করেছি। তাদের ব্যবহৃত মোবাইল ফোন থেকে একাধিক জুয়া অ্যাকাউন্ট, ই-মেইল আইডি এবং Binance এর মাধ্যমে অবৈধ লেনদেনের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। '

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়