সুনামগঞ্জ সীমান্তে বিজিবির হানা, উদ্ধার হলো ১১ লক্ষ টাকার গরু
সুনামগঞ্জ প্রতিনিধি :: || বিএমএফ টেলিভিশন
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর পৃথক অভিযানে জেলার মধ্যনগর উপজেলার সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১৪টি ভারতীয় গরু আটক করা হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ও মধ্যরাতে পরিচালিত এই অভিযানে জব্দকৃত গরুগুলোর মোট বাজার মূল্য আনুমানিক ১১ লক্ষ ১৫ হাজার টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত সুরক্ষা ও চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হয়।
ব্যাটালিয়ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, অভিযান দুটি পরিচালিত হয় মধ্যনগর উপজেলার দুটি ভিন্ন বিওপি’র অধীনে রবিবার বিকেলে মাটিরাবন বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কড়াইবাড়ী এলাকায় অভিযান চালায়। এসময় সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৮টি ভারতীয় গরু আটক করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ ৯০ হাজার টাকা।
একই উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কীর্তনছড়া এলাকায় গভীর রাতে দ্বিতীয় অভিযানটি পরিচালনা করে বাংগালভিটা বিওপি। সীমান্ত থেকে প্রায় ২০০ গজ অভ্যন্তরে পরিচালিত এই অভিযানে ৬টি গরু আটক করা হয়, যার আনুমানিক মূল্য ৫ লক্ষ ২৫ হাজার টাকা।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, "সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অত্যন্ত জোরালোভাবে অব্যাহত রয়েছে। দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে আমাদের এই কঠোর অবস্থান বজায় থাকবে।"
বিজিবি জানিয়েছে, আটককৃত গরুগুলো যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।