তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের অবরোধ, দুর্ভোগে নগরবাসী
ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন
বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত সমস্যার সমাধানের নামে গঠিত সরকারি কমিটির প্রস্তাবের প্রতিবাদে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ করেছেন কারিগরি শিক্ষার্থীরা। এর ফলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে তেজগাঁওয়ের গুরুত্বপূর্ণ সাতরাস্তা মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। সড়ক অবরোধের কারণে আশপাশের এলাকাতেও যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি।
তিনি আরও জানান, দশম গ্রেডে নিয়োগ সংক্রান্ত দাবিতে প্রকৌশলীরা এ কর্মসূচি পালন করছেন। পাশাপাশি ৩৩ শতাংশ কোটা বাতিলের দাবিও জানানো হচ্ছে।
এর আগে সোমবার বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের পক্ষ থেকে দেশব্যাপী অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আইডিইবি ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় দশম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী বা সমমানের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাবকে বৈষম্যমূলক ও অযৌক্তিক বলে আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের প্রতিটি বিভাগীয় সদরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এতে আইডিইবি নেতৃবৃন্দ, সংগ্রাম পরিষদের নেতারা, বিভিন্ন সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, সদস্য প্রকৌশলী, পলিটেকনিক শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেবেন।