প্রশাসনিক নিরপেক্ষতার আহ্বান জানিয়ে মেহেরপুর-১ এ বিএনপির নির্বাচনী জনসভা

মেহেরপুর প্রতিনিধি। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ১২:০৪, সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২৬ মাঘ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

মেহেরপুর-১ সংসদীয় আসনে বিএনপির নির্বাচনী জনসভা থেকে ভোটাধিকার রক্ষা, সম্ভাব্য ষড়যন্ত্র মোকাবিলা এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন দলটির শীর্ষ নেতারা। 

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বিএনপি নেতারা  বলেন, জনসভায় বিপুল জনসমাগম আসন্ন নির্বাচনকে ঘিরে জনমতের একটি স্পষ্ট ইঙ্গিত বহন করে।

মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সমাবেশে বলেন, 'কদিন আগে মেহেরপুরের এই একই মাঠে জামায়াতের আমির এসেছিল, জনসভা হয়েছিল, কতজন লোক হয়েছিল, সবাই দেখেছে। কিন্তু আজ বিএনপির এই নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে।'

তার এই বক্তব্যে বিএনপির সাংগঠনিক শক্তি ও মাঠপর্যায়ের সমর্থনের তুলনামূলক চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়।

নির্বাচনী প্রক্রিয়া ঘিরে উদ্বেগের কথা তুলে ধরে মেহেরপুর-১ আসনের ধানের শীষ প্রতীকের চিফ নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন বলেন, 'নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে।'

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি ভোটকেন্দ্রে সক্রিয় উপস্থিতির আহ্বান জানিয়ে বলেন, '১২ তারিখ সকালে খাওয়ার আগেই ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন। ভোট গ্রহণ শেষ হলে এবং গণনা শেষে ফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র ছাড়বেন না।'

তিনি আরও বলেন, 'ভোটের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পালনের ধারাবাহিকতা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। ফলাফল ঘোষণার আগ পর্যন্ত প্রিজাইডিং অফিসার ও অন্য কোন ব্যক্তিকে ভোটকেন্দ্রের বাইরে যেতে দেবেন না। '

জনসভায় প্রধান বক্তার বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও মেহেরপুর-১ আসনের ধানের শীষ প্রার্থী মাসুদ অরুন প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর প্রতি প্রত্যাশার কথা তুলে ধরেন। 

তিনি বলেন, 'আমি মেহেরপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সেনা সদস্যদের বলতে চাই, আমি বিশ্বাস করতে চাই, তারা এই জেলার মানুষের আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন।'

তিনি নির্বাচনের পর রাজনৈতিক পরিবেশ নিয়ে প্রতিশ্রুতি দিয়ে বলেন, 'আমি কথা দিচ্ছি, মেহেরপুরে আর কোনোদিন প্রতিহিংসার রাজনীতির পুনর্বাসন হতে দেওয়া হবে না।'

সমাবেশে বিএনপি নেতারা নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, ভোটাধিকার প্রয়োগে নাগরিক সচেতনতা এবং প্রশাসনিক নিরপেক্ষতার বিষয়টি বারবার গুরুত্ব দিয়ে তুলে ধরেন। জনসভায় বিভিন্ন বয়স ও পেশার মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়