টেকনাফ সীমান্তে মিয়ানমারের ছোঁড়া গুলিতে আহত শিশু হুজাইফা মারা গেছে
আলমগীর আকাশ টেকনাফ, কক্সবাজার || বিএমএফ টেলিভিশন
কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত শিশু হুজাইফা আফনান (১২) মৃত্যুবরণ করেছে। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অদ্য (৭ ফেব্রুয়ারি) শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়েছে।
হুজাইফার মা সাবেকুন্নাহার এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য গত ১১ জানুয়ারি সকালে বাংলাদেশ সীমান্তসংলগ্ন হোয়াইক্যং লম্বাবিল তেচ্ছি ব্রীজ এলাকায় মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আরাকান আর্মি ছোড়া গুলি হুজাইফা আহত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং-এ অবস্থিত এমএসএফ এনজিও'র হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, উন্নত চিকিৎসার জন্য গত ১৩ জানুয়ারি একটি বিশেষায়িত লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে করে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় হুজাইফাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
শিশু হুজাইফার মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।