নির্বাচনের প্রাক্কালে পাটকেলঘাটায় ছাত্র আন্দোলনের ১২ নেতা বিএনপিতে যোগদান
সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে তৎপরতা। এরই মধ্যে সাতক্ষীরার পাটকেলঘাটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১২ জন নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
বুধবার (১১ জানুয়ারি) পাটকেলঘাটা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের দলে অন্তর্ভুক্ত করা হয়।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন— বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহত সেল (খুলনা বিভাগ) এর সমন্বয়কারী রাকিবুল ইসলাম, পাটকেলঘাটা থানার আহ্বায়ক রুবেল হোসেন বাবু, যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান, সদস্য সচিব ইকবাল হাসান, যুগ্ম সদস্য সচিব আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক রুবায়েত ইসলাম রাতুল, সদস্য সৌরভ ভট্টাচার্য, আজিম খাঁ, তামিম ইকবাল, আবু সাঈদ, সুমন হোসেন ও খাদিজা খাতুন।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব নবাগতদের স্বাগত জানান। তিনি বলেন, জুলাই বিপ্লবের এই সাহসী তরুণরাই আগামীর বাংলাদেশের নির্মাতা। তাদের এই যোগদান প্রমাণ করে ছাত্রসমাজ ও সাধারণ মানুষ দেশ গড়ার সংগ্রামে বিএনপির সাথেই আছে। তরুণদের শক্তি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও গতিশীল করবে।
এসময় পাটকেলঘাটা থানা বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিভাগীয় সহ-সমন্বয়কারী রাকিবুল ইসলাম বলেন, দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি এবং হাবিবুল ইসলাম হাবিবের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েই আমরা বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, হাবিবুল ইসলাম হাবিব এমপি থাকাকালে শিক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন করেছেন। তালা-কলারোয়ার সার্বিক উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।