রাজশাহীতে পৃথক অভিযানে ২৪টি ককটেল ও বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব-৫
আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ || বিএমএফ টেলিভিশন
রাজশাহীতে পৃথক দুটি অভিযানে ২৪টি ককটেল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব-৫।
র্যাব-৫ এর সিপিএসসি’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ভোর রাত ৩টা ৫ মিনিটে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন উত্তর ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সেখান থেকে ২৪টি ককটেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ককটেলগুলো নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ করা হয়।
এছাড়াও একই রাতে র্যাব-৫ রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর পোল্লাপুকুর মোড় এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের ৪০টি দেশীয় অস্ত্র উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—
রামদা ৪টি, হাসুয়া ৫টি, ছুরি ৫টি, কুঠার সদৃশ টাঙ্গি ১৮টি এবং হাতলযুক্ত হ্যামার ২টি। এসব অস্ত্রও নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয়।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসমূহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫ সূত্র জানায়, আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ কে বাধাগ্রস্ত করা কিংবা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব ককটেল ও দেশীয় অস্ত্র মজুদ করে রাখা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারের জন্য র্যাব-৫ এর অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।