এখন পর্যন্ত বৈধ অস্ত্র জমা ২৭ হাজার ৯৯৫: আইজিপি

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ১২:৫৫, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বৈধ অস্ত্রের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। এরই অংশ হিসেবে এখন পর্যন্ত ২৭ হাজার ৯৯৫টি বৈধ অস্ত্র জমা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ক্যামেরা ব্যবহার করা হবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে ‘জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি’ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি।

আইজিপি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অস্ত্রকে থ্রেট হুমকি হিসেবে দেখা হচ্ছে। তিনি জানিয়েছেন, এসব হুমকি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

থানা থেকে লুট হওয়া ব্যক্তিগত অস্ত্র প্রসঙ্গে তিনি বলেন, যেকোনো অস্ত্রই একটি থ্রেট। পাশাপাশি বিভিন্ন উপায়ে দেশে অস্ত্র প্রবেশের আশঙ্কাও রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় এবার ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবেন বলেও জানান তিনি। নিরাপত্তা ব্যবস্থাকে তিন স্তরে ভাগ করা হয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। দেশের প্রায় ৯০ শতাংশ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নিরাপত্তা রক্ষায় পুলিশ ছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী ও আনসার কাজ করছে।

তিনি বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতেই এসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসময় আইজিপি জানান, তফসিল ঘোষণার পর থেকে কিছু সহিংস ঘটনা ঘটেছে। ১১ ডিসেম্বর থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৩১৭টি সহিংস ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৫ জন, আহত হয়েছেন ৬০৩।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়