‘নির্বাচনি রাজনৈতিক প্রক্রিয়ায় ছাত্রদের সম্পৃক্ত করা ঠিক হবে না’

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:৪৭, রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮ মাঘ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের নিরপেক্ষতা বজায় রাখতে তাদের নির্বাচনি প্রক্রিয়ায় যুক্ত না করার জন্য নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ রোববার (০১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ, এম, এম, নাসির উদ্দিনের সঙ্গে এক আনুষ্ঠানিক বৈঠক শেষে এ আহ্বান জানান।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, নির্বাচনের মতো একটা জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় ছাত্রদের সম্পৃক্ত করা ঠিক হবে না। এটি একটি অত্যন্ত সংবেদনশীল ও কারিগরি বিষয়। এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি যুক্ত হলে শিক্ষার্থীরা যেমন ব্যক্তিগতভাবে বিতর্কের মুখে পড়তে পারে, তেমনি তাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোও বিতর্কিত হওয়ার আশঙ্কা থাকে।

নজরুল ইসলাম খান আরও যোগ করেন যে, শিক্ষা ও শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখা এবং ছাত্রদের রাজনৈতিক মেরুকরণ থেকে দূরে রাখার স্বার্থে তাদের নির্বাচন সংশ্লিষ্ট কাজ থেকে দূরে রাখাই হবে সর্বোত্তম সিদ্ধান্ত। বিএনপি মনে করে, ছাত্রদের এই প্রক্রিয়ায় জড়ালে তাদের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।

গত এক বছরে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন আসনে বিপুল সংখ্যক ভোটার স্থানান্তরিত হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দুই-তিন হাজারের বেশি ভোটার স্থানান্তর হয়নি বলে ইসি যে তথ্য দিয়েছে তা সঠিক নয় বলে মনে করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তার অভিযোগ, সংশ্লিষ্ট বিভাগ ইসিকে ভোটার মাইগ্রেশনের ভুল তথ্য দিয়েছে। এছাড়াও একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি বলেন, তারা শুধু আইন ভঙ্গ নয়, ধর্মীয় বিশ্বাসেও আঘাত হানছে। এ বিষয়ে ইসি ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ তার।

তিনি জানান, নির্বাচনের দুইদিন আগে অস্থায়ী বাসিন্দাদের এলাকা ছাড়ার বিষয়ে নির্দেশ দিতে ইসিকে অনুরোধ জানিয়েছে বিএনপি।

এছাড়াও ইলেকটোরাল এনকোয়্যারি কমিটির কাজ দৃশ্যমান করতে ইসিকে আহ্বান জানান নজরুল ইসলাম খান।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়