স্টার অ্যাওয়ার্ড জিতে আলোচনায় মডেল ও নৃত্যশিল্পী সোনালী আক্তার
ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন
জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আশ শিফা দিয়ামনি-ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড ২০২৬। অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটর, সংস্কৃতিকর্মী ও গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় মডেল ও নৃত্যশিল্পী সোনালী আক্তার-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
শুক্রবার রাতে রাজধানীর কাকরাইল আইডিইবি ভবন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে দিয়ামনি-ই কমিউনিকেশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্ব। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ছয় শতাধিক উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটর ও সংস্কৃতিকর্মী উপস্থিত ছিলেন।
উদ্যোক্তাদের কল্যাণে কাজ করা এই সংগঠনটি বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে সারাদেশে সুনাম অর্জন করেছে। সংগঠনটি ‘ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্কশপ’ প্রকল্পের মাধ্যমে শত শত উদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদান করেছে। পাশাপাশি নির্যাতিত ও নিপীড়িত নারীদের ক্ষমতায়ন এবং তাদের উন্নয়নে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
সম্মাননা প্রাপ্ত সোনালী আক্তার, যিনি মিডিয়াঙ্গনে সোনালী ইসলাম নামেও পরিচিত, দীর্ঘদিন ধরে অভিনয়, নৃত্য ও ফ্যাশন মডেলিংয়ে সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তার মিডিয়া ক্যারিয়ারের সূচনা বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে। পরবর্তীতে তিনি বিজয় টিভি-তেও কাজ করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত কাজ করার পাশাপাশি নাটক ও ফ্যাশন মডেলিংয়েও দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন।
সম্মাননা গ্রহণের পর সোনালী আক্তার বলেন, তার জীবনের প্রতিটি সাফল্যের পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা ও অবদান তার মায়ের। তিনি সবার কাছে তার মায়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় দোয়া প্রার্থনা করেন।