বগুড়ায় আসছেন এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০১:৩৬, সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

বগুড়ায় আগামী ১৪-১৫ জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা।

রোববার দুপুরে প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপি বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও জুলাই পদযাত্রার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট এজাজ আল ওয়াসী জীম এবং জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার এসএমএ মাহমুদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতারা বলেন, ২০২৪ সালের জুলাই মাসের গণ-অভ্যুত্থানের মাধ্যমে এক স্বৈরাচারের পতন ঘটিয়েছিল বাংলাদেশের ছাত্রজনতা। তার মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ গড়ার পথে পা বাড়িয়েছি। সারা দেশের জনগণের মাঝে এই জুলাইয়ের চেতনাকে নতুনভাবে জাগরুক করার উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে দেশব্যাপী জুলাই পদযাত্রার আয়োজন করা হয়েছে। তারই অংশ হিসেবে আগামী ১৪ ও ১৫ জুলাই বগুড়া জেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে।

সোমবার (১৩ জুলাই) নওগাঁর ধামুইরহাট পদযাত্রা, ১৪ জুলাই বিকাল ৩টায় বগুড়ার দুপচাঁচিয়ার সিও অফিস এলাকায় পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যা ৭টায় বগুড়া মহানগরীর কালিতলা হাট এলাকা থেকে শুরু হওয়া পদযাত্রায় অংশগ্রহণ করবেন, এনসিপির কেন্দ্রীয় নেতারা। পদযাত্রাটি কালিতলা হাট এলাকা থেকে শুরু হয়ে দত্তবাড়ি, বড়গোলা, থানামোড়, কাঁঠালতলা থেকে নবাববাড়ি রোড হয়ে রানার প্লাজা, জলেশ্বরীতলা কালীমন্দির- ইয়াকুবিয়া স্কুল মোড় হয়ে সাতমাথা জুলাই স্মৃতিস্তম্ভের সামনে একটি পথসভায় অংশগ্রহণ করবেন।

এ পদযাত্রা ও পথসভায় উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে, এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক, এক দফার ঘোষক, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এমপি, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ (পিসি) সদস্য ড. আতিক মুজাহিদ এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ, যুগ্ম সদস্য সচিব গাজী সালাহউদ্দীন তানভীর, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাকিব মাহদী, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, জাতীয় ছাত্রশক্তি কেন্দ্রীয় সদস্য এজেডএম শাহরিয়ার জুহিন ও বগুড়া জেলা এনসিপির নেতারা।

বগুড়া মহানগরে রাত্রিযাপন শেষে তারা ১৫ জুলাই বুধবার বেলা ৩টায় মোকামতলা উপজেলায় একটি পদযাত্রা ও পথসভায় অংশগ্রহণ করবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- এনসিপির বগুড়া জেলা শাখার মিডিয়া প্রধান আবদুস সবুর সুমন, মিডিয়া সদস্য রিগ্যান হোসেন, সাংগঠনিক মশিউর রহমান বিপু, সদস্য আল মুক্তাদির দ্বীপ ও জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক ডা. এজেডএম শাহরিয়ার জুহিন।

সংবাদ সম্মেলনে বলা হয়েছে, পদযাত্রার খবরে এনসিপির নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।

 


 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়