২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০২:৫৩, শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশের কথা থাকলেও প্রশাসনিক ব্যস্ততায় তা কিছুটা পিছিয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তবে নতুন দিনক্ষণ জানা না গেলেও চলতি মাসে এ ফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (১৮ জুলাই) দুপুরে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে বলেন, ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। সে অনুযায়ী শিক্ষামন্ত্রী শিক্ষা বোর্ডগুলোকে প্রস্তুত থাকতে বলেছিলেন। বোর্ডও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছিল। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে অংশীজনরা ব্যস্ত থাকায় ফল প্রস্তুতের কাজ প্রত্যাশিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হয়নি। এ জন্য ফল প্রকাশে আরও কয়েক দিন সময় লাগবে। তবে খুব বেশি দেরি হবে না।

চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ সম্ভব কিনা- এমন প্রশ্নের জবাবে বোর্ড চেয়ারম্যান বলেন, ‘আশা করছি, সেটা আমরা পারব। এ মাসের মধ্যেই আমাদের কাজ গুছিয়ে ফল প্রকাশ করা সম্ভব হতে পারে।’

এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আগামী ২০ জুলাইয়ের মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা জানিয়েছিলেন।


 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়