ফাইনালের আগে দুঃসংবাদ, আর্জেন্টিনাকে শাস্তি দিতে পারে ফিফা
স্পোর্টস ডেস্ক। || বিএমএফ টেলিভিশন
ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে জয়ের পর ফকল্যান্ডস দ্বীপপুঞ্জ নিয়ে নিজেদের দেশের দাবির সমর্থনে ব্যানার প্রদর্শন করায় ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা।
আটলান্টায় নাটকীয়ভাবে শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী রোববার ফাইনালে তারা মুখোমুখি হবে স্পেনের।
বুধবার রাতে বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনালে ম্যাচের শেষ বাঁশি বাজার পর আর্জেন্টিনার খেলোয়াড়রা একটি ব্যানার হাতে নিয়ে উদযাপন করেন। সেখানে লেখা ছিল, ‘Las Malvinas son Argentinas’, যার অর্থ ‘ফকল্যান্ডস আর্জেন্টিনার’।
দক্ষিণ-পশ্চিম আটলান্টিক মহাসাগরে অবস্থিত ব্রিটিশ ওভারসিজ টেরিটরি ফকল্যান্ডস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে ব্রিটেন ও আর্জেন্টিনার মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে।
আর্জেন্টিনার পূর্ব উপকূল থেকে প্রায় ৩০০ মাইল দূরে অবস্থিত এই দ্বীপপুঞ্জ নিয়ে ১৯৮২ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত দুই দেশ যুদ্ধে জড়িয়ে পড়ে। ৭৪ দিনব্যাপী ওই যুদ্ধে ৬৫৫ জন আর্জেন্টাইন ও ২৫৫ জন ব্রিটিশ সেনাসদস্য নিহত হন। দ্বীপপুঞ্জের তিন বাসিন্দারও মৃত্যু হয়।
এর আগে ২০১৪ সালে স্লোভেনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আগে একই বার্তাসংবলিত ব্যানার প্রদর্শন করায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ২০ হাজার পাউন্ড জরিমানা করেছিল ফিফা।
সে সময় ফিফা জানিয়েছিল, ওই কর্মকাণ্ড রাজনৈতিক কর্মকাণ্ড ও দলের অসদাচরণসংক্রান্ত নিয়ম লঙ্ঘন করেছে। ধারণা করা হচ্ছে এবারও একই ধরনের কর্মকাণ্ডের কারণে আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।