ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা
স্পোর্টস ডেস্ক। || বিএমএফ টেলিভিশন
আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিশ্বকাপের শিরোপা নির্ধারণী লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। নিউজার্সির ফাইনালের আগে শনিবার রাতে পুরো দলকে নিয়ে তোলা একটি বিশেষ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অধিনায়ক লিওনেল মেসি। ছবিটির সঙ্গে তিনি যুক্ত করেছেন হৃদয়ছোঁয়া একটি বার্তা।
সেই ছবিতে মেসির পাশে ছিলেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফ, মেডিকেল টিম, কিট ম্যান, রাঁধুনি এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার নেতৃত্বাধীন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ফাইনালের আগে বিশ্রামে যাওয়ার ঠিক পূর্বমুহূর্তে তোলা এই ছবিটি ছিল শিরোপা লড়াইয়ের আগে পুরো আর্জেন্টিনা দলের শেষ আনুষ্ঠানিক দলীয় ফ্রেম।
ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল খেলতে যাওয়া মেসি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এত বছরের সবচেয়ে বড় প্রাপ্তি শুধু শিরোপা নয়, পুরো যাত্রাটাই। এই দলের সঙ্গে প্রতিদিন কাটানো, একসঙ্গে লড়াই করা, কঠিন সময়ে ঘুরে দাঁড়ানো এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করাই ছিল সবচেয়ে মূল্যবান।’
এরপর সতীর্থ ও দলের নেপথ্যের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আর্জেন্টাইন অধিনায়ক লেখেন, ‘আমার প্রতিটি সতীর্থ, কোচিং স্টাফ এবং প্রতিদিন যারা এই দলটিকে একটি পরিবারের মতো ধরে রাখতে কাজ করেন, তাদের সবাইকে ধন্যবাদ। আগামীকাল যা-ই ঘটুক না কেন, এই দল এমন একটি ইতিহাস লিখে ফেলেছে, যা আমরা কখনো ভুলব না এবং কেউ কখনো মুছে ফেলতে পারবে না। আর্জেন্টিনা এগিয়ে যাও!’
এদিকে, ফাইনালের আগে শুরুর একাদশ নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত কিছু ভাবনা রয়েছে কোচ লিওনেল স্কালোনির। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জেতা দল থেকে একটি পরিবর্তন আসতে পারে। জুলিয়ানো সিমেওনের জায়গায় একাদশে ফিরতে পারেন রদ্রিগো দে পল।
আরেকটি সিদ্ধান্ত নিতে হবে ডান-ব্যাক পজিশনে। নাহুয়েল মোলিনা একাদশে থাকবেন, নাকি গনসালো মন্তিয়েল সুযোগ পাবেন—সেটি এখনো চূড়ান্ত হয়নি। তবে এই দুটি সম্ভাব্য পরিবর্তন ছাড়া বাকি একাদশ সেমিফাইনালের মতোই থাকার সম্ভাবনা রয়েছে।
বিশ্বকাপ ইতিহাসে তৃতীয়বারের মতো শিরোপা জয়ের স্বাদ পাওয়ার পর এবার টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামবে আর্জেন্টিনা। আর সেই মহারণের আগে মেসির বার্তা যেন পুরো দলকে মনে করিয়ে দিল—শুধু ট্রফি নয়, তাদের পথচলাটাই ইতোমধ্যে ইতিহাসের অংশ হয়ে গেছে।