‘খেলা জীবনের চেয়ে বড় নয়’
বিনোদন ডেস্ক। || বিএমএফ টেলিভিশন
বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর কুষ্টিয়ায় এক তরুণের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পরিবারের দাবি, প্রিয় দলের পরাজয় এবং তা নিয়ে কটাক্ষ সহ্য করতে না পেরে ওই তরুণ আত্মহত্যা করেছেন।
ঘটনাটি জানার পর গভীর শোক প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সোমবার (৬ জুলাই) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রতন (২১) ওই এলাকার হোসেন মিস্ত্রির ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন।
পরিবারের ভাষ্য, ব্রাজিলের পরাজয়ের পর বিভিন্ন কটাক্ষে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। নিজেও ব্রাজিলের সমর্থক হওয়ায় ঘটনাটি অপূর্বকে নাড়া দিয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি খেলাকে বিনোদনের জায়গায় রাখার আহ্বান জানান এবং জীবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলেন।
অপূর্ব লিখেছেন, ‘ব্রাজিল হারায় কুষ্টিয়ার একটা ছেলে সুইসাইড করেছে, রেখে গেছে দুই মাসের শিশুসন্তান। এই নিউজটা দেখে ভীষণ কষ্ট পেয়েছি। আপনারা খেলাকে বিনোদন হিসেবে নিন। এখানে হার জিত থাকবেই। প্রিয় দল জিতলে ভালো লাগবে, হারলে খারাপ লাগবে। তবে সেটা জীবনের থেকে যেন বড় না হয়।
কারণ দিনশেষে এটা শুধু একটা খেলা।’ খেলাকে ঘিরে প্রতিদ্বন্দ্বিতা ও ট্রল থাকলেও তা যেন সীমা না ছাড়ায়, সেই আহ্বানও জানিয়েছেন এই অভিনেতা।
তার কথায়, ‘ট্রল খেলার অংশ। তবে অতিরিক্ত ট্রল, অপমান বা হেয় করাটাও বন্ধ করুন। আপনার কাছে এটা মজা হতে পারে, কিন্তু অন্য কারো জন্য সেটা মানসিকভাবে অনেক কষ্টের কারণ হতে পারে।’
সবশেষে জীবনকে খেলার চেয়ে বেশি মূল্য দেওয়ার আহ্বান জানিয়ে অপূর্ব লিখেছেন, ‘একটা দল হারলে আবার জিতবে, আজ ট্রফি না পেলে সামনে আবার পাবে। কিন্তু একটা জীবন চলে গেলে সেটা আর ফিরে আসে না।’