বিশ্বকাপে নতুন করে মেসির দুই ইতিহাস
স্পোর্টস ডেস্ক। || বিএমএফ টেলিভিশন
কেপ ভার্দের বিপক্ষে চলতি বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে গোল করে আরও একটি ইতিহাস গড়লেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২০-এ, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। একই সঙ্গে টানা আটটি বিশ্বকাপ ম্যাচে গোল করার নজির গড়ে আরেকটি নতুন রেকর্ডও নিজের করে নিলেন আর্জেন্টাইন মহাতারকা।
এছাড়াও বিশ্বকাপের নকআউটে গোল দেয়া সবচেয়ে বেশি বয়সী দক্ষিণ আমেরিকানও হলেন মেসি। ৩৯ বছর ৯ দিনে গোল দিলেন তিনি। মেসি ছাড়িয়ে গেছেন উরুগুয়ের ওবদুলিও ভারেলাকে। ১৯৫৪ সালে ৩৬ বছর বয়সে রেকর্ডটি গড়েছিলেন তিনি।
চলতি বিশ্বকাপে এটি মেসির সপ্তম গোল। এর ফলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি জার্মানির মিরোস্লাভ ক্লোসের চেয়ে চার গোল এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের চেয়ে দুই গোল এগিয়ে গেলেন।
বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকা
লিওনেল মেসি (আর্জেন্টিনা) — ২০ গোল (৩০ ম্যাচ)
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স) — ১৮ গোল (১৮ ম্যাচ)
মিরোস্লাভ ক্লোসে (জার্মানি) — ১৬ গোল (২৪ ম্যাচ)
রোনালদো নাজারিও (ব্রাজিল) — ১৫ গোল (১৯ ম্যাচ)
গার্ড মুলার (জার্মানি) — ১৪ গোল (১৩ ম্যাচ)
জুস্ত ফন্টেইন (ফ্রান্স) — ১৩ গোল (৬ ম্যাচ)
পেলে (ব্রাজিল) — ১২ গোল (১৪ ম্যাচ)
চলতি আসরের প্রথম ম্যাচেই আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন মেসি। এরপর অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষেও গোল করেন তিনি। কেপ ভার্দের বিপক্ষে গোল করে নিজের দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রাখলেন এই আর্জেন্টাইন অধিনায়ক।
মেসির টানা আট বিশ্বকাপ ম্যাচে গোল করার রেকর্ডটি শুরু হয় ২০২২ বিশ্বকাপের শেষ ষোলোর অস্ট্রেলিয়া ম্যাচ থেকে। এরপর নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে গোল করেন তিনি। ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান এবং সর্বশেষ কেপ ভার্দের বিপক্ষেও গোল করে ইতিহাসের নতুন অধ্যায় লিখলেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই ফুটবলার।