‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি আটোয়ারী উপশাখার ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

মোঃ রিজওয়ানুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৩০, সোমবার, ৬ জুলাই, ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

বাংলাদেশ সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণ উদ্যোগকে এগিয়ে নিতে এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে পূবালী ব্যাংক পিএলসি, আটোয়ারী উপশাখার উদ্যোগে তিন দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুর ১২টায় আটোয়ারী উপজেলার তসিব উদ্দিন সুপার মার্কেটে অবস্থিত পূবালী ব্যাংক পিএলসি, আটোয়ারী উপশাখা প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এর মাধ্যমে সাধারণ গ্রাহকদের আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবার সঙ্গে সম্পৃক্ত করা এবং নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ আর্থিক লেনদেনে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধন উপলক্ষে পূবালী ব্যাংক পিএলসি, আটোয়ারী উপশাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক, চৌরাস্তা ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ব্যাংক প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথের শুভ উদ্বোধন করেন। র‌্যালিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী। বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলার পূবালী ব্যাংক পিএলসি, ঠাকুরগাঁও শাখার উপ-মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো. আব্দুর রাজ্জাক। এছাড়াও উপস্থিত ছিলেন মো. বেলাল হোসেন, প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক, পূবালী ব্যাংক পিএলসি, নেকমরদ শাখা; মাইদুল ইসলাম, প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক, পূবালী ব্যাংক পিএলসি, বোদা উপশাখা; আটোয়ারী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জামিলুর রেজা মানিকসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি, আটোয়ারী উপশাখার অফিসার ও শাখা ব্যবস্থাপক  মো:সোহেল রানা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী বলেন, ক্যাশলেস লেনদেন আর্থিক ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নগদ লেনদেনের ক্ষেত্রে অনেক সময় কোনো সুনির্দিষ্ট রেকর্ড থাকে না, কিন্তু ক্যাশলেস লেনদেনের প্রতিটি কার্যক্রমের ডিজিটাল রেকর্ড সংরক্ষিত থাকে। ফলে জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং অবৈধ বা কালো টাকার ব্যবহার অনেকটাই কঠিন হয়ে যাবে।

তিনি আরও বলেন, ক্যাশলেস লেনদেনের মাধ্যমে সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি পাবে এবং আরও বেশি মানুষ কর ও ভ্যাটের আওতায় আসবেন। পূবালী ব্যাংকের এ উদ্যোগের ফলে গ্রামাঞ্চলের ছোট ছোট চায়ের দোকানসহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানও ক্যাশলেস লেনদেনের আওতায় আসবে। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি ও চুরির আশঙ্কা কমবে এবং সাধারণ মানুষের আর্থিক লেনদেন আরও সহজ, নিরাপদ ও ভোগান্তিমুক্ত হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মো. আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশ সরকার একটি স্মার্ট, আধুনিক ও ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। সেই লক্ষ্য বাস্তবায়নে পূবালী ব্যাংক পিএলসি প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বর্তমানে ডেবিট ও ক্রেডিট কার্ড, কিউআর (QR) কোড, মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিংসহ বিভিন্ন ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা দ্রুত, নিরাপদ ও সহজে আর্থিক লেনদেন করতে পারছেন। এতে সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি নগদ অর্থ বহনের ঝুঁকি এবং চুরি-ছিনতাইয়ের আশঙ্কাও কমেছে।

তিনি আরও বলেন, ক্যাশলেস লেনদেনের প্রতিটি কার্যক্রমের স্বচ্ছ ও নির্ভরযোগ্য রেকর্ড সংরক্ষিত থাকে, যা জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি, দুর্নীতি প্রতিরোধ, সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি এবং ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি জানান, পূবালী ব্যাংক শহরের পাশাপাশি গ্রামাঞ্চলের ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছেও ক্যাশলেস ব্যাংকিং সেবা পৌঁছে দিতে কাজ করছে।

স্থানীয় ব্যবসায়ী ও আটোয়ারী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জামিলুর রেজা মানিক বলেন, বর্তমান সময়ের প্রেক্ষাপটে ক্যাশলেস লেনদেন একটি অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থা ব্যবসা-বাণিজ্যকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করবে। নগদ অর্থ বহনের প্রয়োজন কমে যাওয়ায় চুরি-ছিনতাইয়ের ঝুঁকি হ্রাস পাবে এবং ব্যবসায়িক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। এতে ছোট ও মাঝারি ব্যবসায়ীরাও সহজে ডিজিটাল লেনদেনের আওতায় আসতে পারবেন।

সভাপতির বক্তব্যে সোহেল রানা বলেন, ক্যাশলেস লেনদেনের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে স্বচ্ছতা বৃদ্ধি, সময় ও খরচ সাশ্রয় এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সহজলভ্য হচ্ছে। তিন দিনব্যাপী এ ক্যাম্পেইনে আগত গ্রাহকদের ডেবিট কার্ড, কিউআর কোডভিত্তিক লেনদেন, ডিজিটাল ব্যাংকিং সেবা এবং ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থার বিভিন্ন সুবিধা সম্পর্কে সচেতন করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় ব্যাংকিং সেবা গ্রহণে সরাসরি সহযোগিতা প্রদান করা হবে।
তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে আটোয়ারী উপজেলায় ক্যাশলেস লেনদেনের পরিধি আরও বিস্তৃত হবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ডিজিটাল ব্যাংকিংয়ের ব্যবহার বৃদ্ধি পাবে। একই সঙ্গে সাধারণ মানুষ আরও সহজ, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণে আগ্রহী হয়ে উঠবেন।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়