ইবি রোটার্যাক্ট ক্লাবের নেতৃত্বে সজীব-সবুজ
ইবি প্রতিনিধি, || বিএমএফ টেলিভিশন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রোটার্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটির ২০২৬-২৭ রোটারি বর্ষের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজীব হোসাইন এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সবুজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালীন সময়ে পর্যবেক্ষণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ৩৬ জন ভোটারের মধ্যে ৩৫ জন ভোটার ভোট দেন। নবনির্বাচিত সভাপতি-সম্পাদক পরামর্শক্রমে পরবর্তীকালে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
নবনির্বাচিত সভাপতি সজীব হোসাইন বলেন, ক্লাবের সদস্যরা আমার ওপর আস্থা রেখে যে দায়িত্ব অর্পণ করেছেন আমি সর্বোচ্চটা দিয়ে সেই দায়িত্ব পালনের চেষ্টা করব। সাবেকদের পরামর্শ ও সহযোগিতায় সৃজনশীল ও বুদ্ধিবৃত্তিক
কার্যক্রমের মাধ্যমে সংগঠনের পথচলার ধারাবাহিকতা রক্ষা ও গতিশীলতা রক্ষার চেষ্টা করবো।
উল্লেখ্য, সেবার মাধ্যমে বন্ধুত্ব’ এই স্লোগানকে ধারণ করে ১৯৬৮ সালে রোটার্যাক্ট ক্লাব প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিশ্বের ১৯০টির অধিক দেশে কাজ করে যাচ্ছে রোটারি ইন্টারন্যাশনালের যুব সংগঠনটি। এটি ১৯৯২ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা লাভ করে। নেতৃত্ব গঠন, ক্যারিয়ার উন্নয়ন, রক্তদান, পথশিশু ও ছিন্নমূলদের সহযোগিতাসহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এই সংগঠনটি।