ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন
বাংলাদেশ সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বাস্তবায়ন উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পূবালী ব্যাংক পিএলসি উপশাখার উদ্যোগে তিন দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে গ্রাহকদের আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবার সঙ্গে সম্পৃক্ত করা এবং ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ১১টায় বালিয়াডাঙ্গী উপজেলার টি হোসেন মার্কেটে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
উদ্বোধন উপলক্ষে পূবালী ব্যাংক পিএলসি বালিয়াডাঙ্গী উপশাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টি হোসেন মার্কেটে ব্যাংকের নিচে এসে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি ঠাকুরগাঁও শাখার উপ-মহাব্যবস্থাপক ও শাখা প্রধান আব্দুর রাজ্জাক, বালিয়াডাঙ্গী বণিক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন, পূবালী ব্যাংক পিএলসি রানীশংকৈল উপশাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক আবু তাহের হাবীব, পূবালী ব্যাংক পিএলসি বালিয়াডাঙ্গী উপশাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক ফজলে এলাহীসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
পূবালী ব্যাংক পিএলসি ঠাকুরগাঁও শাখার উপ-মহাব্যবস্থাপক ও শাখা প্রধান আব্দুর রাজ্জাক বলেন,বাংলাদেশ সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বাস্তবায়নে পূবালী ব্যাংক অগ্রণী ভূমিকা পালন করছে। বালিয়াডাঙ্গী উপজেলায় ক্যাশলেস লেনদেনের পরিধি বাড়াতে আমরা বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি। বর্তমানে ডেবিট ও ক্রেডিট কার্ড, কিউআর (QR) কোড, পস (POS) মেশিন এবং মোবাইল ব্যাংকিংসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নিরাপদ ও দ্রুত লেনদেনের সুযোগ রয়েছে। নগদ অর্থ বহনের ঝুঁকি কমিয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের এ সেবায় সম্পৃক্ত করতে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি।
পূবালী ব্যাংক পিএলসি বালিয়াডাঙ্গী উপশাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক ফজলে এলাহী বলেন,ডিজিটাল ব্যাংকিং এখন সময়ের দাবি। নগদ অর্থের ব্যবহার কমিয়ে ক্যাশলেস লেনদেন বাড়ানোর মাধ্যমে একদিকে যেমন সময় সাশ্রয় হবে, অন্যদিকে লেনদেন হবে আরও নিরাপদ ও স্বচ্ছ। এই তিন দিনব্যাপী ক্যাম্পেইনে আগত গ্রাহক ও ব্যবসায়ীদের ক্যাশলেস সেবার বিভিন্ন সুবিধা সম্পর্কে অবহিত করা হচ্ছে। পাশাপাশি পস (POS) মেশিন, কিউআর কোড ও কার্ডভিত্তিক লেনদেনের ব্যবহারিক দিকও তুলে ধরা হচ্ছে। আমরা আশা করছি, এ উদ্যোগের মাধ্যমে বালিয়াডাঙ্গীতে ডিজিটাল ব্যাংকিংয়ের ব্যবহার আরও বৃদ্ধি পাবে।
বালিয়াডাঙ্গী বণিক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন বলেন,বর্তমান সময়ে ব্যবসা-বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যাশলেস লেনদেন চালু হলে ব্যবসায়ীদের সময় ও শ্রম দুটোই সাশ্রয় হবে। একই সঙ্গে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যোগকে সফল করতে ব্যবসায়ীদেরও এগিয়ে আসতে হবে। পূবালী ব্যাংকের এ উদ্যোগ স্থানীয় ব্যবসায়ীদের জন্য অত্যন্ত সময়োপযোগী এবং প্রশংসনীয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি বালিয়াডাঙ্গী উপশাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক ফজলে এলাহী।
স্থানীয় ব্যবসায়ী জয়নাল আবেদীন বলেন,আমার বালিয়াডাঙ্গীতে দুটি বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আগে সম্পূর্ণ নগদ টাকার মাধ্যমে লেনদেন করতাম। কিন্তু পূবালী ব্যাংকের পস (POS) মেশিন পাওয়ার পর ব্যবসা পরিচালনা অনেক সহজ হয়ে গেছে। এখন গ্রাহকরা কার্ডের মাধ্যমে সহজেই মূল্য পরিশোধ করতে পারেন। এতে টাকা গোনার ঝামেলা নেই, জাল নোটের ভয়ও থাকে না। লেনদেন দ্রুত ও নিরাপদে সম্পন্ন হওয়ায় ব্যবসার গতি বেড়েছে। আমি মনে করি, সব ব্যবসা প্রতিষ্ঠানে এ ধরনের ডিজিটাল লেনদেন চালু হলে ব্যবসায়ী ও গ্রাহক—উভয়েই উপকৃত হবেন।
সংশ্লিষ্টরা জানান, ক্যাশলেস লেনদেন ব্যবস্থার মাধ্যমে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত হওয়ার পাশাপাশি সময় সাশ্রয় হচ্ছে। একই সঙ্গে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের মধ্যে আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবার ব্যবহারও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
ব্যাংক কর্মকর্তারা আশা প্রকাশ করেন, বালিয়াডাঙ্গীতে ক্যাশলেস লেনদেনের পরিধি আরও সম্প্রসারিত হলে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ডিজিটাল ব্যাংকিংয়ের ব্যবহার বৃদ্ধি পাবে এবং গ্রাহকরা আরও সহজে আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।