মেহেরপুরের ধলা সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের বাধায় ব্যর্থ বিএসএফ
মেহেরপুর প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন
মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে ৩ জনকে বাংলাদেশে জোরপূর্বক পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের তীব্র প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
আজ শুক্রবার (২৬ জুন) ভোরে ভারতের নদীয়া জেলার মুরটিয়া থানার রংপুর গ্রামের দিক থেকে আন্তর্জাতিক সীমান্তের ১৩৫ নম্বর মেইন পিলারের ৭এস সাব-পিলার সংলগ্ন ধলা সীমান্ত দিয়ে ওই ৩জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়।
স্থানীয় সূত্র জানায়, বিষয়টি জানতে পেরে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিএসএফের এ পদক্ষেপের কড়া প্রতিবাদ জানান। এ সময় স্থানীয় বাসিন্দারাও পুশইনের বিরুদ্ধে অবস্থান নেন। একপর্যায়ে সকাল ৭টার দিকে বিএসএফ তিনজনকে নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায়।
জানা গেছে, পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন নারী ছিলেন।
এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপ ও এলাকাবাসীর প্রতিরোধের কারণেই পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে।
উল্লেখ্য, চলতি মাসে মেহেরপুর সীমান্তে একাধিকবার পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। গত ৬ জুন তেঁতুলবাড়ীয়া সীমান্তে ৬ জন, ১৯ জুন বুড়িপোতা ইউনিয়নের খালপাড়া সীমান্তে ৪ জন এবং ২৫ জুন গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্তে ৭ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। প্রতিটি ঘটনাতেই বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে বিএসএফ সংশ্লিষ্ট ব্যক্তিদের ফিরিয়ে নিতে বাধ্য হয়।