জোড়া খুনের আসামি ইউসুফের ফাঁসির দাবিতে বাঁচামারায় মানববন্ধন, বিচার দ্রুত সম্পন্নের দাবি।

মোঃ মিজানুর রহমান, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৫৫, সোমবার, ১ জুন, ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে সংঘটিত নৃশংস মা-ছেলে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ইউসুফ আলীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার দুপুরে বাঁচামারা বাজার এলাকায় ইউনিয়নবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে মামলার দ্রুত নিষ্পত্তি এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, পারিবারিক বিরোধের জেরে সংঘটিত এ নির্মম হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একটি নিষ্পাপ শিশুসহ দুইজনকে হত্যার ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ ও মর্মাহত। তারা দ্রুত খুনিকে আইনের আওতায় এনে ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।

উল্লেখ্য, গত শনিবার রাতে বাঁচামারা ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে স্থানীয় কাপড় ব্যবসায়ী ছালামের স্ত্রী আমিনা (৩০) ও তাদের দুই বছরের ছেলে আসলামকে হত্যা করা হয়। এ ঘটনায় গুরুতর আহত হন ছালাম। হত্যার অভিযোগ ওঠে তার ছোট ভাই ইউসুফ আলীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে।

মানববন্ধন থেকে বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনা আর না ঘটে।

মানববন্ধন শেষে নিহত মা ও সন্তানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়