সাতক্ষীরার তালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা : পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা ঃ || বিএমএফ টেলিভিশন
পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসিম ফকির (৩২) নামে এক মোটরসাইকেল চালক এবং মেহেদী হাসান (২৫) নামে এক আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) ভোর ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসিম ফকির তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের খোকন ফকিরের ছেলে।আর মেহেদী হাসান প্রসাদপুর গ্রামের হাফিজুল ফকিরের ছেলে। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই।
মৃতের স্বজনরা জানান , মঙ্গলবার ভোরে নিজের খামারের জন্য মাছ আনতে চুকনগরের উদ্দেশে মোটরসাইকেলে রওনা হন নাসিম। এ সময় তার সঙ্গে আরোহী হিসেবে ছিলেন মেহেদী। পথিমধ্যে তেঁতুলিয়া এলাকায় পৌঁছালে ১৮ মাইল এলাকা থেকে আসা ঢাকা মেট্রো-অ ১৪-১৫৫৪ নম্বরের একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, সংঘর্ষের পর মোটরসাইকেলটি পিকআপ ভ্যানের নিচে আটকে যায়। এতে ঘটনাস্থলেই নাসিম ফকির নিহত হন এবং মেহেদী হাসান গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানীয় ক্লিনিকে নেয়া হলে মেহেদী হাসানের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। উক্ত ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।