সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলো আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ
ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন
সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। রোববার (৩১ মে) এক বিবৃতিতে তারা দুঃখ প্রকাশ করে এবং ক্ষমা চায়।
বিবৃতিতে বলা হয়, আদ্-দ্বীন হাসপাতালে গত ২৭ মে ৬ জন নবজাতক শিশুর দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু ঘটে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরসহ পুলিশ, র্যাব ও অন্যান্য কর্তৃপক্ষ হাসপাতাল পরিদর্শন করেন এবং সরকার একটি তদন্ত কমিটি গঠন করেন। বিভিন্ন কর্তৃপক্ষের হাসপাতালে অনাবরত আসা-যাওয়ার সাথে বিপুল সংখ্যক সাংবাদিকের চলাচলে হাসপাতালে কর্মরত সেবা প্রদানকারীগণ কয়েকদিন ধরে মানসিক চাপের মধ্যে সময় কাটাচ্ছেন। এতে করে হাসপাতালে ভর্তিকৃত ও হাসপাতালে বিভিন্ন সেবা গ্রহণ করতে আগত ব্যক্তিদেরও যথেষ্ট অসুবিধা হচ্ছে।
এতে আরও বলা হয়, এমতাবস্থায় আজ ৩০ মে স্বাস্থ্যমন্ত্রী ঊর্ধ্বতন কর্মকর্তাসহ হাসপাতাল পরিদর্শন করেন। মন্ত্রীর হাসপাতাল ত্যাগের পর বিপুল সংখ্যক সাংবাদিক হাসপাতালে প্রবেশের চেষ্টা করেন। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের স্বার্থে হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের হাসপাতালে প্রবেশ নিবৃত্ত করার চেষ্টা করেন। হাসপাতালের কর্মীদের সাথে সাংবাদিকদের কথার একপর্যায়ে জনৈক সাংবাদিক হাসপাতালের পরিচ্ছন্ন কর্মীদের ঝাড়ুদার সম্বোধন করলে কর্মীরা অপমাণিত বোধ করে উত্তেজিত হয়ে পড়েন এবং সাংবাদিকদের হাসপাতাল পরিত্যাগে অনুরোধ করেন। উপস্থিত হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হাসপাতালের কর্মীদের নিবৃত্ত করার চেষ্টা করেন।
বিবৃতিতে বলা হয়, আদ্-দ্বীন হাসপাতাল সব সময়ই গণমাধ্যম কর্মীদের সাথে সহযোগিতা করে থাকেন। তারপরেও ৩০ মে'র অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আদ্-দ্বীন হাসপাতাল আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং প্রত্যাশা করছে যে, গণমাধ্যমকর্মীরা হাসপাতাল কর্মীদের অনিচ্ছাকৃত ব্যবহারের জন্য মনে কষ্ট পেলে সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।