পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সড়কে যানজট নিরসনে কাজ করছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন
ঢাকা, উত্তরা প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর এলাকায় সড়কের যানজট নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সংগঠনটির নেতাকর্মীরা দিন-রাত সড়কে দায়িত্ব পালন করছেন। বিশেষ করে আব্দুল্লাহপুর, উত্তরা ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের চাপ নিয়ন্ত্রণ, শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে তারা সক্রিয় ভূমিকা পালন করছেন।
সংগঠনের নেতারা জানান, ঈদের সময় অতিরিক্ত যানবাহনের চাপের কারণে যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই তাদের এ উদ্যোগ। তারা আরও বলেন, সাধারণ মানুষের স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে ফেডারেশনের কর্মীরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছেন।
স্থানীয় যাত্রী ও চালকরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, শ্রমিক ফেডারেশনের এমন কার্যক্রম সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা রাখছে এবং যানজট অনেকাংশে কমাতে সক্ষম হচ্ছে।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জনসেবামূলক এই কার্যক্রম ঈদের আগ পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।