ইয়াদ আলী মন্ডল মাদরাসায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও হেফজ বিভাগের উদ্বোধন
জামালপুর প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা এলাকার মহিষাবাদুরিয়ায় অবস্থিত ইয়াদ আলী মন্ডল নূরাণী ও হাফেজিয়া মাদরাসায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও হেফজ বিভাগের উদ্বোধন উপলক্ষে এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, হেফজ বিভাগের সবক উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এবারের বৃত্তি পরীক্ষায় মোছাঃ মিথিলা আক্তার নূরানী ২য় শ্রেণি থেকে সরিষাবাড়ী উপজেলায় ১ম স্থান অর্জন করে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা, ক্রেস্ট ও একটি বাইসাইকেল প্রদান করা হয়। এছাড়াও আরও ৭ জন ট্যালেন্টপুলে এবং ১২ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে।
অন্যদিকে, ইকরা নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের ২০২৫ সালের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় রাবেয়া জান্নাত জিদনী সারা দেশে ৩য় স্থান অধিকার করে প্রতিষ্ঠানটির সুনাম বৃদ্ধি করে।
অনুষ্ঠানে মাদরাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে বিভিন্ন অতিথি বক্তব্য রাখেন। শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা তুলে দেওয়া হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।