ধুলিহরে ট্রলির ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু, বেপরোয়া মাটি বহনে বাড়ছে ঝুঁকি
সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা: || বিএমএফ টেলিভিশন
সাতক্ষীরা সদরের ধুলিহর সানাপাড়া গ্রামে মাটি বহনকারী ট্রলির ধাক্কায় ওমর ফারুক (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (আজ) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক স্থানীয় মোঃ আরাফাত গাজীর শিশু পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশেই খেলার সময় হঠাৎ একটি মাটি বহনকারী ট্রলি অসাবধানতাবশত শিশুটিকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার উদ্যোগ নিলেও পথেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে ধুলিহর সানাপাড়া এলাকা।
এদিকে, ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির কর্তব্যরত উপ-পরিদর্শক সোহরাব হোসেন জানান, কিছু অসাধু ঠিকাদার দীর্ঘদিন ধরে সাতক্ষীরায় নদী খননের মাটি অবৈধভাবে উত্তোলন ও পরিবহন করে আসছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশ বাধা দিলে গত ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনাও ঘটে। এতে দুই পুলিশ সদস্য আহত হন।
ঘটনায় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী লিয়াকত হোসেন বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হলেও পরে তারা জামিনে মুক্তি পায়। স্থানীয়দের অভিযোগ, জামিনে বের হয়ে আবারও তারা বেপরোয়া ভাবে মাটি পরিবহন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
স্থানীয়রা বলছেন, অবৈধ মাটি বহনকারী ট্রলির বেপরোয়া চলাচলের কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা এড়াতে দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন তারা।