ইতেকাফ আল্লাহর সান্নিধ্যে অবস্থান

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১১:৫৪, রবিবার, ৮ মার্চ, ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

ইসলাম মানুষের দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিশ্চিত করার জন্য যে ইবাদতসমূহের ব্যবস্থা করেছে, ইতেকাফ তার অন্যতম। ইতেকাফ মানে হলো—নিজেকে সাময়িকভাবে দুনিয়ার ব্যস্ততা থেকে বিচ্ছিন্ন করে একান্তভাবে আল্লাহ তাআলার ইবাদত, স্মরণ ও নৈকট্য লাভের জন্য মসজিদে অবস্থান করা। মাহে রমজানের শেষ দশকে ইতেকাফ করা সুন্নাতে মুয়াক্কাদা কিফায়া। 

ইতেকাফের অর্থ ও তাত্পর্য

‘ইতেকাফ’ আরবি শব্দ, যার অর্থ—আবদ্ধ থাকা, অবস্থান করা বা নিজেকে নিবিষ্ট রাখা। ইসলামী শরিয়তের পরিভাষায়, নির্দিষ্ট নিয়তে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করাকে ইতেকাফ বলা হয়। এই ইবাদতের মূল উদ্দেশ্য হলো—আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করা, আত্মশুদ্ধি অর্জন করা এবং গুনাহ থেকে নিজেকে রক্ষা করা। ইতেকাফ মানুষকে শেখায় কিভাবে দুনিয়ার অস্থায়ী মোহ ত্যাগ করে আখিরাতমুখী জীবন গড়ে তুলতে হয়। এটি এক ধরনের আত্মিক প্রশিক্ষণ, যেখানে বান্দা নিজের নফসকে সংযত করে আল্লাহর ইবাদতে মনোনিবেশ করে।

কোরআনের আলোকে ইতেকাফ

কোরআন মাজিদে ইতেকাফের সুস্পষ্ট উল্লেখ আছে। আল্লাহ তাআলা বলেন—‘আর তোমরা মসজিদে ইতেকাফরত অবস্থায় তাদের [স্ত্রীদের] সঙ্গে সহবাস করো না।’ (সুরা বাকারা, আয়াত : ১৮৭)

এই আয়াত প্রমাণ করে, ইতেকাফ একটি স্বীকৃত ও গুরুত্বপূর্ণ ইবাদত, যা রাসুলুল্লাহ (সা.)-এর যুগেও প্রচলিত ছিল। কোরআনে আরও এসেছে—‘আমি ইবরাহিম ও ইসমাঈলকে নির্দেশ দিয়েছিলাম—তোমরা আমার ঘরকে তাওয়াফকারী, ইতেকাফকারী ও রুকু-সিজদাকারীদের জন্য পবিত্র রাখো।’ (সুরা বাকারা, আয়াত : ১২৫)

এ থেকে বোঝা যায়, ইতেকাফের ইবাদত প্রাচীন নবীদের যুগ থেকেও বিদ্যমান এবং এটি আল্লাহর ঘরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত এক বিশেষ ইবাদত।

হাদিসের আলোকে ইতেকাফের গুরুত্ব

রাসুলুল্লাহ (সা.) নিজে নিয়মিত ইতেকাফ করতেন এবং সাহাবায়ে কেরামকে এ ব্যাপারে উত্সাহ দিতেন। হাদিসে এসেছে—‘নবী করিম সা. রমজানের শেষ দশকে ইতেকাফ করতেন, যতক্ষণ না আল্লাহ তাঁকে ইন্ত্মেকাল দেন।’ (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

এই হাদিস থেকে স্পষ্ট হয়, ইতেকাফ রাসুলুল্লাহ (সা.)-এর নিয়মিত আমল ছিল, যা এর গুরুত্ব ও ফজিলতকে সুস্পষ্ট করে।

অন্য হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন—‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতেকাফ করে, আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মাঝে তিন খন্দক দূরত্ব সৃষ্টি করেন।’ এই হাদিস ইতেকাফের আখিরাতমুখী ফজিলত ও পুরস্কারের দিকটি তুলে ধরে।

ইতেকাফ ও লাইলাতুল কদর

রমজানের শেষ দশকের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো লাইলাতুল কদর। এই মহিমান্বিত রাত হাজার মাসের চেয়েও উত্তম। ইতেকাফকারী ব্যক্তি পুরো শেষ দশক মসজিদে অবস্থান করার মাধ্যমে লাইলাতুল কদর লাভের সর্বোত্তম সুযোগ পায়। কারণ সে রাত ও দিনের অধিকাংশ সময় ইবাদতে কাটায়—নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়ায় মশগুল থাকে। এভাবে ইতেকাফ বান্দাকে আল্লাহর বিশেষ রহমত ও মাগফিরাতের ছায়ায় নিয়ে আসে।

আত্মশুদ্ধি ও নফসের সংশোধন

ইতেকাফের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো আত্মশুদ্ধি। দুনিয়ার ব্যস্ততা, সামাজিক যোগাযোগ ও পারিবারিক কাজকর্ম থেকে দূরে থাকার ফলে মানুষ নিজের অন্তরের দিকে মনোযোগ দিতে পারে। সে নিজের গুনাহ, ভুল ও ত্রুটিগুলো উপলব্ধি করে আল্লাহর কাছে তাওবা করার সুযোগ পায়। ইতেকাফ মানুষের মধ্যে ধৈর্য, সংযম ও আত্মনিয়ন্ত্রণের গুণ তৈরি করে। অহেতুক কথা, দৃষ্টির গুনাহ ও সময় নষ্ট করা থেকে নিজেকে বিরত রাখার প্রশিক্ষণ দেয়।

সমাজ ও উম্মাহর জন্য ইতেকাফের উপকারিতা

ইতেকাফ শুধু ব্যক্তিগত ইবাদত নয়; বরং এর সামাজিক গুরুত্বও রয়েছে। মসজিদকেন্দ্রিক জীবন মানুষকে দ্বিনের সঙ্গে সম্পৃক্ত করে। ইতেকাফের মাধ্যমে আলেম-ওলামা ও সাধারণ মুসল্লিদের মধ্যে দ্বিনি আলোচনা, নসিহত ও কোরআন-হাদিস চর্চার পরিবেশ তৈরি হয়। এছাড়া ইতেকাফ সমাজে তাকওয়াবান মানুষ তৈরি করে, যারা পরবর্তীতে পরিবার ও সমাজে নৈতিকতা ও দ্বিনি মূল্যবোধ ছড়িয়ে দেয়।

ইতেকাফের কিছু আদব

ইতেকাফকারীকে অনর্থক কথা, ঝগড়া-বিবাদ ও দুনিয়াবি আলাপ থেকে বিরত থাকতে হয়। অধিকাংশ সময় ইবাদত, তিলাওয়াত, জিকির ও দোয়ায় কাটানোই ইতেকাফের আদব। পরিষ্কার-পরিচ্ছন্নতা, নীরবতা ও অন্য মুসল্লিদের প্রতি সম্মান প্রদর্শন করাও ইতেকাফের গুরুত্বপূর্ণ অংশ।

আল্লাহর সান্নিধ্য লাভের সুযোগ

ইতেকাফ হলো আল্লাহর সান্নিধ্যে অবস্থান করার এক অনন্য সুযোগ। এটি বান্দাকে দুনিয়ার কোলাহল থেকে মুক্ত করে আল্লাহর দরবারে একান্তভাবে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করে। তাই আমাদের উচিত এই মহান ইবাদতকে গুরুত্ব দিয়ে জীবনে বাস্তবায়ন করা।

লেখক : মুহতামিম, জহিরুল উলুম মহিলা মাদরাসা, গাজীপুর।


 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়