সংঘর্ষে নিহতের ঘটনায় গ্রেপ্তার ৩; দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন-এলাকাবাসীর

সাদ্দাম হত্যার বিচার দাবিতে কলমাকান্দায় মানববন্ধন ও বিক্ষোভ

মো:রিপন মিয়া স্টাফ রিপোর্টার : || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:৫২, বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন

ছবি: বিএমএফ টেলিভিশন

নেত্রকোনার কলমাকান্দায় অটোরিকশাচালক মো. সাদ্দাম হোসেন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের পাবই বাজার পয়েন্টে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে নিহত সাদ্দামের স্বজনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য দেন নিহতের স্ত্রী বৃষ্টি আক্তার ও বোন শেফুলা আক্তার, ইউপি সদস্য কামাল হোসেন, আব্দুল আজিজ, ইসহাক মিয়া ও আল্লাদ মিয়াসহ স্থানীয় ব্যক্তিরা।

বক্তারা বলেন, সাদ্দাম হোসেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানান তাঁরা। পরে তাঁরা বিক্ষোভ মিছিল করেন।

এর আগে গত ৩০ অক্টোবর রাত ৯টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের খাতে সালেঙ্গা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নিহত হন। তিনি ওই গ্রামের আবুল হাশিমের ছেলে। পেশায় অটোরিকশাচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার জামাল মিয়ার সঙ্গে হক্কুন নামে এক ব্যক্তির পারিবারিক বিরোধ চলছিল। কিছুদিন আগে জামাল মিয়ার অপ্রাপ্তবয়স্ক মেয়েকে নিয়ে হক্কুনের ছেলে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় জামাল মিয়া মামলা করলে পুলিশ পরে মেয়েটিকে উদ্ধার করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।
স্থানীয় সূত্রের দাবি, ওই বিরোধের জের ধরে ৩০ অক্টোবর রাতে চাঁন মিয়া ও হক্কুনের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এ সময় টেঁটাবিদ্ধ হয়ে সাদ্দাম গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও তিনজন আহত হন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ছেলে-মেয়েসংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় এজাহারভুক্ত আক্কেব আলী, ফুল মিয়া ও হৃদয় মিয়া নামে তিনজনকে গ্রেপ্তার করে জেলা আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়