কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আ/গু/ন

বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:১৬, শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে। তবে বাড়িটি তাঁর দাদার পুরোনো ও বর্তমানে পরিত্যক্ত বাড়ি বলে জানা গেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা নুসরাত তাবাসসুমের দাদার পুরোনো টিনশেড বাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। আগুন ছড়িয়ে পড়তে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা আব্দুল হালিম, স্থানীয়ভাবে যিনি ‘টম মাস্টার’ নামে পরিচিত, তিনি বাগোয়ান কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। তিনি ওই পুরোনো বাড়ির পাশেই নিজ বাড়িতে বসবাস করেন। পুরোনো বাড়িটিতে মূলত গবাদিপশু পালন করা হতো। আগুনে একটি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে।

এদিকে, কারা এবং কী কারণে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সংসদ সদস্য নুসরাত তাবাসসুম এ ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের দায়ী করেছেন। তিনি ঢাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানা যাবে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়