কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভার সেই ‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার
স্পোর্টস ডেস্ক। || বিএমএফ টেলিভিশন
ম্যাচের শেষ মিনিটে পেনাল্টি থেকে গোল করলেন বদলি হিসেবে নামা নেইমার জুনিয়র। তখনও তার দল পিছিয়ে ১-২ ব্যবধানে। আরেক গোল পরিশোধের সময় আর পায়নি ব্রাজিল। রেফারির শেষ বাঁশি বাজতেই কান্নায় ভেঙে পড়েন নেইমার। বিশ্বকাপ থেকেও বিদায় নিশ্চিত হলো তাদের। হতাশার এই দিনের একটি অভিশপ্ত রেকর্ডের পাশে বসলেন সান্তোসের এই তারকা।
গতকাল রোববার রাতে নিউ জার্সিতে নরওয়ের কাছে ব্রাজিলের হার নেইমারের ক্যারিয়ারে একটি নেতিবাচক রেকর্ড যোগ করেছে। সান্তোসের ফরোয়ার্ড ম্যাচ শেষে মাঠে প্রচুর কেঁদেছেন, তিনি দ্বিতীয় ব্রাজিলিয়ান ফুটবলার যিনি চারটি বিশ্বকাপ খেলেও কোনো শিরোপা জিততে পারেননি। এর আগে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে এই অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছিলেন থিয়াগো সিলভা।
৩৪ বছর বয়সী নেইমার খেলেছেন ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬ বিশ্বকাপ। বিশ্বকাপে তাঁর সেরা সাফল্য ছিল ব্রাজিলের মাটিতে হওয়া আসরে চতুর্থ স্থান অর্জন করা। অন্যদিকে থিয়াগো সিলভা খেলেছিলেন ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২ আসরে।
তবে নেইমার এবং পেলে হলেন একমাত্র ব্রাজিলিয়ান, যারা ভিন্ন চারটি বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছেন। পেলে, নিল্তন সান্তোস, লেয়াও, কাস্তিলহো, কাফু, দজালমা সান্তোস এবং রোনালদো নাজারিও চার বা তার বেশি বিশ্বকাপ খেললেও তারা প্রত্যেকেই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন।