৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬: নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে আন্তঃসংস্থা সমন্বয় সভা অনুষ্ঠিত*
সাকিবুল হাসান শুভ, বিশেষ প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আসন্ন ৪৬তম জাতীয় সমাবেশ–২০২৬ উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা ও প্রয়োজনীয় প্রস্তুতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বাহিনীর সদর দপ্তর, খিলগাঁও, ঢাকার অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, এনডিসি, পিএসসি।
সভায় বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ডিজিএফআই, এনএসআই, এসএসএফ, পিজিআরসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাপনা, অনুষ্ঠানস্থলের প্রস্তুতি, সমন্বিত কার্যক্রম এবং অন্যান্য প্রয়োজনীয় দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উল্লেখ্য, আগামী ১৭ মে ২০২৬ তারিখে আনসার-ভিডিপি একাডেমি, সফিপুর,গাজীপুর-এ বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি।
সমাবেশকে ঘিরে বাহিনীর পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে এবং সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বয়ে একটি সুসংগঠিত ও নিরাপদ আয়োজন নিশ্চিত করার লক্ষ্যে কার্যক্রম জোরদার করা হয়েছে।