যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন: কাটা চুল ও রক্তাক্ত শরীর নিয়ে থানায় গৃহবধূ
সাকিবুল হাসান শুভ, বিশেষ প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। কাটা চুল ও রক্তাক্ত শরীর নিয়ে থানায় গিয়ে বিচার চেয়েছেন ভুক্তভোগী ওই নারী—যা স্থানীয়ভাবে তীব্র ক্ষোভ ও আলোচনার সৃষ্টি করেছে।
মঙ্গলবার (৫ মে) সকালে আখাউড়া থানায় হাজির হয়ে গৃহবধূ তার ওপর চালানো নির্যাতনের বিস্তারিত বর্ণনা দেন। অভিযোগ করেন, পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিকে কেন্দ্র করে তার স্বামী দ্বীন ইসলাম (দিনু) ও পরিবারের সদস্যরা তাকে মারধর করে গুরুতর আহত করেন। শুধু তাই নয়, নির্যাতনের এক পর্যায়ে তার মাথার চুল কেটে দেওয়া হয়।
স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
থানায় গিয়ে গৃহবধূ তার কাটা চুল পুলিশের সামনে উপস্থাপন করেন এবং ঘটনার ন্যায়বিচার দাবি করেন। এ দৃশ্য উপস্থিত সবার মধ্যে নাড়া দেয়।
ভুক্তভোগীর পরিবার জানায়, দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিল স্বামীপক্ষ। সর্বশেষ এই বর্বর নির্যাতনের মাধ্যমে তারা চরম নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে, অভিযুক্ত স্বামী দ্বীন ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ঘটনার পর থেকেই তিনি ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, মৌখিক অভিযোগ পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং যৌতুক প্রথার বিরুদ্ধে নতুন করে প্রশ্ন উঠেছে—আর কতদিন এ ধরনের নির্যাতন চলবে?