উচ্চ কমিশন কমানোর দাবিতে রাজধানীতে রাইড শেয়ারিং চালকদের বিক্ষোভ
সাকিবুল হাসান শুভ, নিজস্ব প্রতিনিধি | || বিএমএফ টেলিভিশন
রাজধানীর বনানী বিআরটিএ ভবনের সামনের গুরুত্বপূর্ণ সড়কে আজ ভোর থেকেই জমতে শুরু করে মানুষের ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটি রূপ নেয় একটি সুসংগঠিত বিক্ষোভে। অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং চালক ও মালিকরা ব্যানার, প্ল্যাকার্ড আর স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা—তাদের একটাই দাবি, “ন্যায্য অধিকার ও বাঁচার নিশ্চয়তা”।
সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা চালকদের হাতে উঁচিয়ে ধরা প্ল্যাকার্ড—“Cost High, Driver Families Crisis Today”, “End Anarchy of Uber and Pathao Now”, “Ensure Fair Wages Now”—যেন তাদের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ আর বঞ্চনার প্রতিচ্ছবি। বৃষ্টিভেজা রাস্তায় দাঁড়িয়েও তাদের দৃঢ়তা একটুও নড়েনি।
বিক্ষোভকারীদের একজন বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মিলিয়ে তাদের আয় বাড়েনি, বরং অ্যাপ কোম্পানিগুলোর উচ্চ কমিশন কেটে নেওয়ার ফলে আয় আরও কমে গেছে। এতে করে পরিবার চালানো এখন একপ্রকার যুদ্ধের মতো হয়ে দাঁড়িয়েছে।
তাদের অভিযোগ, বিভিন্ন সময়ে অন্যায় জরিমানা, হয়রানি এবং নিরাপত্তাহীনতার শিকার হতে হয়। অনেক ক্ষেত্রে মিথ্যা মামলার ঝুঁকিও বহন করতে হয়, যা তাদের পেশাকে আরও অনিশ্চিত করে তুলছে।
বর্তমানে নেওয়া প্রায় ২৫ শতাংশ কমিশন কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনা, ন্যায্য ভাড়া নির্ধারণ, এবং চালকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।
অন্য একজন চালক ক্ষোভের সাথে বলেন, “দিনরাত রাস্তায় থেকে কাজ করি, কিন্তু আয় দিয়ে সংসার চলে না। পরিবার নিয়ে বাঁচাটাই এখন কষ্টকর হয়ে গেছে।”
কর্মসূচির এক পর্যায়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন এবং হুঁশিয়ারি দেন—দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা।
বিক্ষোভের কারণে এলাকায় সাময়িক যানজট সৃষ্টি হলেও, পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল এবং পরে স্বাভাবিক হয়ে আসে।