ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পথে মন্টেনিগ্রো

আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ০৯:২৮, বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

পশ্চিম বলকান অঞ্চলের দেশ মন্টেনিগ্রো ইউরোপীয় ইউনিয়নে যোগদানের প্রক্রিয়ায় নতুন অগ্রগতি অর্জন করেছে। ২০২৮ সালের মধ্যে সদস্যপদ অর্জনের লক্ষ্য সামনে রেখে দেশটি ধারাবাহিক সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দীর্ঘ ১৪ বছর অপেক্ষার পর বলকান অঞ্চলের ছোট কিন্তু কৌশলগত গুরুত্বপূর্ণ রাষ্ট্র মন্টেনিগ্রো এখন ইইউ সদস্য হওয়ার দ্বারপ্রান্তে। 

সাম্প্রতিক অগ্রগতির অংশ হিসেবে গত ২২ এপ্রিল ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা মন্টেনিগ্রোর সদস্যপদ প্রক্রিয়া এগিয়ে নিতে কারিগরি পর্যায়ের একটি কর্মগোষ্ঠী গঠনে সম্মতি দিয়েছেন। এই উদ্যোগকে ভবিষ্যৎ যোগদান আলোচনার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। 

ইউরোপীয় কমিশন জানিয়েছে, পূর্ণ সদস্যপদের আগে মন্টেনিগ্রোকে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন এবং প্রশাসনিক স্বচ্ছতায় আরও অগ্রগতি অর্জন করতে হবে।

বিশ্লেষকদের মতে, এই অগ্রগতি সরাসরি না হলেও বাংলাদেশের অর্থনীতিতে পরোক্ষ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ইউরোপীয় বাজারে তৈরি পোশাকের চাহিদা ও শ্রমবাজারের গতিশীলতায় নতুন সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এফবিজেএ) সমন্বয়ক ও মানবাধিকার কর্মী মাহবুব হোসাইন বলেন, ইউরোপীয় ইউনিয়ন সম্প্রসারণ উন্নয়নশীল দেশগুলোর জন্য পরোক্ষভাবে নতুন বাণিজ্য ও শ্রমবাজারের সুযোগ তৈরি করে। বাংলাদেশের পোশাক খাত ও দক্ষ শ্রমিকদের জন্য ইউরোপীয় বাজারে সম্ভাবনা বাড়তে পারে, তবে এটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। 

বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ও আন্তর্জাতিক গণমাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোর এর অভিবাসন বিষয়ক সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ বলেন, মন্টেনিগ্রোর ইইউ সদস্যপদ ইউরোপীয় শ্রমবাজারে কাঠামোগত পরিবর্তন আনতে পারে। এর ফলে বাংলাদেশি দক্ষ শ্রমিকদের জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে, বিশেষ করে স্বাস্থ্যসেবা ও সেবা খাতে।

তিনি আরও বলেন, বাংলাদেশের জন্য এটি তাৎক্ষণিক সুযোগ না হলেও ইউরোপীয় শ্রমবাজারের চাহিদা পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভবিষ্যতে নতুন পথ উন্মুক্ত হতে পারে।

মন্টেনিগ্রোর ইইউ যাত্রা ইউরোপের একটি আঞ্চলিক রাজনৈতিক অগ্রগতি হলেও এর পরোক্ষ প্রভাব বৈশ্বিক বাণিজ্য ও শ্রমবাজারে ধীরে ধীরে প্রতিফলিত হতে পারে, যার মধ্যে বাংলাদেশের অর্থনীতিও অন্তর্ভুক্ত।


 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়