সাতক্ষীরায় গহনা ছিনতাই করতে গিয়ে মহিলা দোকানীকে হত্যা
সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন
সাতক্ষীরার সদর উপজেলায় গহনা ছিনিয়ে নিতে এক মহিলা দোকানীকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (রাত) উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামে এ ঘটনা ঘটে। পরে সোমবার ভোররাতে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বীথিকা রানী ঘোষ (৪৫) সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা কুলুপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ ঘোষের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরা বৌবাজার এলাকায় বীথিকা রানী ঘোষের একটি মুদিখানা দোকান ছিল। স্বামীর মৃত্যুর পর তিনি নিজেই দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা তার গায়ে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তার ওপর হামলা চালায়।
এ সময় দুর্বৃত্তরা তার মাথা ও কপালে ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করে। পরে মরদেহ পাশের একটি পুকুরে ফেলে রেখে পালিয়ে যায়। নিহতের হাতে স্বর্ণের রুলি, গলায় একটি স্বর্ণের চেইন এবং কানে দুল ছিল বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং পরবর্তীতে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, ঘটনাটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।