কালিগঞ্জে ছেলেধরা গুজব: আটক নারী আসলে সন্তানের খোঁজে আসা মা

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা প্রতিনিধিঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১১:৪৪, শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১১ বৈশাখ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে ছেলেধরা গুজবকে কেন্দ্র করে এক নারীকে আটক করার ঘটনা ঘটেছে। পরে জানা যায়, তিনি কোনো ছেলেধরা নন—নিজের সন্তানকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই সেখানে এসেছিলেন।

উপজেলার মুকুন্দ মধুসূদনপুর গ্রামের বাসিন্দা সাইফুল গাইনের মেয়ে সিনথিয়া (৭), স্থানীয় ৫২ নম্বর মুকুন্দ মধুসূদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো সে স্কুলে গেলেও, ক্লাস চলাকালীন সময়ে তার মা—যিনি সাইফুল গাইনের প্রথম স্ত্রী—স্কুলে এসে তাকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পরে মা ও মেয়ে কৃষ্ণনগর বাজার এলাকায় পৌঁছালে স্থানীয়দের মধ্যে ছেলেধরা সন্দেহে গুজব ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত জনতা ওই নারীকে আটক করে। খবর পেয়ে স্কুল কর্তৃপক্ষ ও শিশুটির পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

পরবর্তীতে বিষয়টি পরিষ্কার হলে সিনথিয়াকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান তার স্বজনরা এবং আটক নারীকে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল গাইন প্রথম স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকেই শিশুটি মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। দীর্ঘদিন সন্তানের সঙ্গে দেখা ও যোগাযোগ করতে না পেরে মা মানসিকভাবে ভেঙে পড়েন। সন্তানের প্রতি গভীর টান থেকেই তিনি এমন পদক্ষেপ নিয়েছিলেন বলে এলাকাবাসী জানিয়েছে।

ঘটনাটি প্রথমে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলেও প্রকৃত ঘটনা প্রকাশ পাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়