যেসব জেলায় তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১১:০৬, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮ বৈশাখ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

চলছে বৈশাখ মাস। গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন জেলায় বইছে তাপপ্রবাহ। তীব্র গরমে দেশের মানুষের হাঁসফাঁস অবস্থা। এরই মধ্যে কিছু কিছু জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানা যাচ্ছে।

সোমবার (২০ এপ্রিল) দেশের আবহাওয়া নিয়ে কাজ করা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম-বিডব্লিউওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক তাপমাত্রার বিষয়ে একটি পোস্ট দিয়েছে। 

পোস্টে বলা হয়েছে, গত কয়েকদিন দেশের কিছুকিছু স্থানে মৃদু তাপপ্রবাহ চললেও মঙ্গলবার থেকে ২৫/২৬ এপ্রিল পর্যন্ত খুলনা রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের বেশকিছু জেলায় তা মৃদুর পাশাপাশি মাঝারি ধরনের তাপপ্রবাহে রূপ নিতে পারে।

এতে আরও বলা হয়েছে, বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা, পটুয়াখালী বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, রাঙামাটি, খাগড়াছড়ি ও এর আশপাশের কিছু স্থানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ৩৬°- ৩৯° সেলসিয়াসের আশপাশে।

এসময় খুলনা ও রাজশাহী বিভাগের দু-একটি জেলায় কিছু সময়ের জন্য তাপমাত্রা ৪০° সেলসিয়াসের ঘরে উঠতে পারে।

তাই হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে দিনের বেলা কড়া রোদের মধ্যে বেশি সময় না থাকার পরামর্শ দেয়া হয়েছে। বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত ঘরে বা তুলনামূলক ঠান্ডা স্থানে থাকার পরামর্শ দিয়েছে বিডব্লিউওটি। 


 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়