টেকনাফ মেরিন ড্রাইভে যাত্রীবাহী প্রাইভেটকারে আ'গুন

আলমগীর আকাশ টেকনাফ, কক্সবাজার: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০১:২২, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ভাড়ায় চালিত একটি যাত্রীবাহী প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ রবিবার (১৯ এপ্রিল) সকাল আনুমানিক ৬:টা ১৫ মিনিটের দিকে টেকনাফের মেরিন ড্রাইভ বড় ডেইল এলাকায় এ ঘটনা ঘটে। এই তথ্য নিশ্চিত করেন টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামিন মিয়া।

তিনি বলেন, চট্টগ্রাম মেট্রো গ-৭২৩০ নম্বরের একটি যাত্রীবাহী প্রাইভেটকার টেকনাফ শাপলা চত্বর থেকে ৪ জন যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে প্রাইভেটকারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুহূর্তেই আগুন ধরে যায়। আগুন ধরার  সাথে সাথে  মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে শুরু করে গাড়িটা।

ঘটনার সময় গাড়িতে থাকা যাত্রীরা দ্রুত নেমে পড়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যায়। টেকনাফ কচুবনিয়া এলাকার (মালিক) গাড়ির চালক মো. ফিয়ার আলম আগুন লাগার ঘটনায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।

এদিকে আগুন লাগার সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। পরে খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামিন মিয়া জানান, যাত্রীদের দ্রুত নেমে যাওয়ার কারণে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে গাড়িটি পুড়ে গেছে।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়