দৌলতদিয়ায় ফেরিঘাটে বাস ডুবি: মৃতের সংখ্যা ২৩, নিখোঁজ আরও অনেকে
নিজস্ব প্রতিবেদক : || বিএমএফ টেলিভিশন
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। এ ঘটনায় এখনো অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
উদ্ধারকারী দল নদী থেকে একে একে লাশ উদ্ধার করছে। নিহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশুও রয়েছে, যা ঘটনাটিকে আরও হৃদয়বিদারক করে তুলেছে।
নিহতদের পরিচয় নিশ্চিত করে প্রশাসন জানিয়েছে, তাদের মধ্যে রয়েছেন—
রেহেনা আক্তার (৬১), মর্জিনা খাতুন (৫৬), রাজীব বিশ্বাস (২৮), জহুরা অন্তি (২৭), কাজী সাইফ (৩০), মর্জিনা আক্তার (৩২), ইস্রাফিল (৩), সাফিয়া আক্তার রিন্থি (১২), ফাইজ শাহানূর (১১), তাজবিদ (৭), আরমান খান (৩১) (গাড়ির চালক), নাজমিরা ওরফে জেসমিন (৩০), লিমা আক্তার (২৬), জোস্ন্যা (৩৫), মুক্তা খানম (৩৮), নাছিমা (৪০), আয়েশা আক্তার সুমা (৩০), সোহা আক্তার (১১), আয়েশা সিদ্দিকা (১৩), আরমান (৭ মাস), আব্দুর রহমান (৬), সাবিত হাসান (৮) এবং আহনাফ তাহমিদ খান (২৫)।
নিহতদের বেশিরভাগই রাজবাড়ী ও কুষ্টিয়া জেলার বাসিন্দা বলে জানা গেছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। স্বজন হারানো পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ।
এদিকে, স্থানীয়দের অভিযোগ—ফেরিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকা এবং দায়িত্বে অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।
উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে এবং নিখোঁজদের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট বাহিনী।